আঞ্চলিক সংবাদ

সাজেকে সুমন্তী চাকমার মৃত্যুর সংবাদে বিজিবির নাম উল্লেখ না করায় প্রথম আলোর পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ

আইপিনিউজ বিডি, ২০ জুলাই, রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ৯ মাসের অন্তঃসত্ত্বা শিক্ষিকা সুমন্তী চাকমার মৃত্যুর ঘটনায় প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে বিক্ষোভ ও প্রতিবাদ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সাজেকের উজোবাজার এলাকায় স্থানীয় গ্রামবাসীরা প্রথম আলো পত্রিকার কপি পুড়িয়ে প্রতিবাদ জানান।

প্রতিবাদকারীদের অভিযোগ, সুমন্তী চাকমা বিজিবির একটি ডাম্পার ট্রাকের ধাক্কায় নিহত হলেও, প্রথম আলো “ট্রাকের ধাক্কায় মৃত্যু” শিরোনামে সংবাদ প্রকাশ করে এবং শিরোনাম ও মূল প্রতিবেদনে বিজিবির নাম উল্লেখ করেনি। এতে ঘটনার প্রকৃত দায়ী পক্ষ আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে তারা দাবি করেন।

স্থানীয়দের ভাষ্য, একটি জাতীয় গণমাধ্যমের কাছ থেকে নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ প্রত্যাশা করা হলেও এ ঘটনায় তা প্রতিফলিত হয়নি। তারা ভবিষ্যতে দায়িত্বশীল সাংবাদিকতা এবং প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানান।
প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সুমন্তী চাকমার মৃত্যুর সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা এবং ঘটনাটি নিয়ে সঠিক তথ্য প্রকাশের দাবি জানান।

Back to top button