জাতীয়

দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ সাহাবুদ্দিন

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নিয়েছেন মোহাম্মদ সাহাবুদ্দিন। বঙ্গভবনে সোমবার ২৪শে এপ্রিল নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন ৭৩ বছর বয়সী মোহাম্মদ সাহাবুদ্দিন।

এর আগে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গত ১৩ই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি।

শপথ পাঠ শেষ হওয়ার পর বিদায়ী রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। এরপর তারা আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করেন।

উক্ত শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছোটবোন শেখ রেহানা, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের সদস্যবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতিসহ উর্দ্ধতন কর্মকর্তারা।

Back to top button