আঞ্চলিক সংবাদ

বান্দরবানে থানচিতে ৫ বছর বয়সী এক ত্রিপুরা শিশু ধর্ষণের শিকার

আইপিনিউজ বিডি, ২৪ মে, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে ৫ বছর বয়সী এক পাহাড়ি ত্রিপুরা শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক বিজয় বড়ুয়া (১৬) নামে এক কিশোরকে আটক করে থানচি থানায় পুলিশের কাছে সোপর্দ করেছে পাড়াবাসী। ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে সুষ্ঠু বিচার ও ধর্ষকের কঠোর শাস্তির দাবিতে থানচি থানা ঘেরাও করে স্থানীয় বাসিন্দারা এবং ব্যাপক প্রতিবাদ জানায়।
ভুক্তভোগী শিশুটির পিতা থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে ২০২৬) দুপুরে থানচি উপজেলার সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় সবজি বিক্রেতা বিজয় বড়ুয়া পার্শ্ববর্তী ত্রিপুরা সম্প্রদায়ের ৫ বছরের ত্রিপুরা শিশুকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে রাতে ঘুমাতে গেলে শিশুটি তার যৌনাঙ্গে ব্যাথার কথা ও ঘটনাটি মা-বাবার কাছে খুলে বলেন। এরপর শিশুটির মা-বাবা বিজয় বড়ুয়ার কাছ থেকে জানতে চাইলে বিজয় কোনো প্রকার সদুত্তর দিতে পারেনি।
ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে আজ রবিবার (২৪ মে) সকালে অভিযুক্ত বিজয় বড়ুয়াকে পাড়াবাসী আটক করে থানায় সোর্পদ করে। অভিযুক্ত বিজয় বড়ুয়া থানচি সদরের নতুন পাড়া এলাকার বাসিন্দা।

Back to top button