দীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটির সর্বস্তরের নাগরিক সমাজের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আইপিনিউজ বিডি, ৭ জুলাই, ২০২৬, রাঙ্গামাটি প্রতিনিধিঃ আজ (৭ জুলাই, ২০২৬ ইং) মঙ্গলবার দীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে পার্বত্য অঞ্চলের মানুষের আবেগ ও ভালোবাসার মূল্য দিয়ে দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব ফিরিয়ে দেয়ার দাবিতে রাঙ্গামাটিতে সর্বস্তরের নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাগরিক সমাজের পাঠানো বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদে সদ্য পদত্যাগ করা অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে স্বপদে পুনর্বহাল ও প্রতিমন্ত্রী মীর হেলালকে অপসারনের দাবীতে আবারো মাঠে নেমেছে রাঙ্গামাটির সর্বস্তরের নাগরিক সমাজ। মঙ্গলবার সকাল এগারটায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে শত শত মানুষের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় মানববন্ধন। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যানার ফেস্টুন হাতে অংশ নেন। এতে জোরালো দাবি উঠে পার্বত্য মন্ত্রনালয়ে মন্ত্রী পদে এডভোকেট দীপেন দেওয়ান এমপি কে পুর্নবহাল করার। একই সাথে বিতর্কিত প্রতিমন্ত্রীকে সরিয়ে অন্যত্র পদায়নের দাবি জানানো হয়।
মঙ্গলবার সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘রাঙ্গামাটি পার্বত্য জেলার সর্বস্তরের নাগরিক সমাজ’-এর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে পাহাড়ী ও বাঙালি উভয় সম্প্রদায়ের শত শত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধনটি একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।
রাঙ্গামাটি প্রবীণ সংঘের সাধারণ সম্পাদক পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজের প্রতিনিধি অবঃ মৎস্য কর্মকর্তা ইন্দু লাল চাকমার সভাপতিত্বে অনুস্টিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বালুখালী ইউপির সাবেক চেয়ারম্যান বিজর গিরি চাকমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাঙ্গামাটির জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সমীরণ বড়ুয়া, লোমা লুসাই, পল্লী চিকিৎসক দলের সাধারণ সম্পাদক নবাশীষ চাকমা,বিলাইছড়ি উপজেলার সচেতন নাগরিক প্রতিনিধি ইমাম হোসেন, ও সংস্কৃতি কর্মী নীতি ভূবন চাকমা ও নাগরিক সমাজের নেতা ইন্টু মনি তালুকদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি ২৯৯ নং আসন থেকে দীপেন দেওয়ান দেশের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তিনি পাহাড়ী ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষের সমান আস্থাভাজন এবং পাহাড়ের অত্যন্ত জনপ্রিয় এক নেতা ছিলেন। কিন্তু দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায় তাঁকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন । এই ঘটনা পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষকে চরমভাবে হতাশ ও আশাহত করেছে।
মানববন্ধন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলা হয়, পার্বত্য অঞ্চলের মানুষের আবেগ ও ভালোবাসার মূল্য দিয়ে দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়া হোক। সমতলের কোনো প্রতিনিধিকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব না দিয়ে, পাহাড়ের যোগ্য সন্তানকে তাঁর পদে বহাল রাখাই হবে সঠিক সিদ্ধান্ত। মানববন্ধনে বিপুল সংখ্যক পাহাড়ী বাঙ্গালী নারী পুরুষ ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।


