বাঘাইছড়িতে আদিবাসীদের ভূমি দখলচেষ্টাকে কেন্দ্র করে সেটেলারদের হামলা, আহত এক জুম্ম

আইপিনিউজ বিডি, ২৭ জুলাই, ২০২৬, বাঘাইছড়িঃ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দক্ষিণ পাবলাখালী এলাকায় নিজ ভূমি দখলচেষ্টায় বাধা দিতে গিয়ে সেটেলারদের হামলায় মহেন্দ্র চাকমা (৫৫) নামে এক জুম্ম গ্রামবাসী আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ২৭ জুলাই সোমবার ভূমি দস্যু হিসেবে অভিযুক্ত কুদ্দুস ও তার সহযোগী কয়েকজন সেটেলার দক্ষিণ পাবলাখালী এলাকায় একটি জুম্মদের জমি দখলের চেষ্টা চালায়। এ সময় জমির মালিকপক্ষের লোকজন বাধা দিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মহেন্দ্র চাকমার ওপর দেশীয় দা দিয়ে হামলা চালানো হলে তিনি আহত হন।
এ ঘটনার পর স্থানীয় জুম্ম জনগণ সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুললে কুদ্দুস ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেয়।এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে এবং সেটেলার বাঙ্গালিদের হুমকির ফলে ঐই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা আটক হওয়ার তথ্য পাওয়া যায়নি। স্থানীয় জুম্মরা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জুম্ম জনগণের ভূমির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
