জাতীয়বিশেষ প্রতিবেদন

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও হত্যাকাণ্ড বৃদ্ধি পেয়েছে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

আইপিনিউজ বিডি, ২৭ জুলাই, ২০২৬, ঢাকা প্রতিনিধিঃ আজ ২৭ জুলাই সোমবার জাতীয় প্রেসক্লাবে চলমান সাম্প্রদায়িক সহিংসতাকে সামনে রেখে সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

ঐক্য পরিষদ দাবি করেছে যে বছরের প্রথম ছয় মাসে দেশে ধর্মীয় সংখ্যালঘু হত্যাকাণ্ডের মাসিক গড় গত বছরের তুলনায় বেড়েছে।
ঐক্য পরিষদের প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ৪৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, অর্থাৎ মাসে গড়ে ৭ দশমিক ৩৩টি। বিপরীতে ২০২৫ সালের পুরো বছরে ৬৬টি হত্যাকাণ্ডের হিসাবে মাসিক গড় ছিল ৫ দশমিক ৫টি। একই সময়ে জমি দখল বা দখলচেষ্টার ঘটনাও মাসিক গড়ে বেড়েছে।

লিখিত বক্তব্যে মনিন্দ্র কুমার নাথ বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৪০টি হত্যাকাণ্ডে ৪৪ জন সংখ্যালঘু নিহত হয়েছেন। গত বছর হত্যাকাণ্ডের সংখ্যা ছিল ৬৬টি। সেই হিসাবে ২০২৬ সালের প্রথম ছয় মাসে মাসিক গড় হত্যাকাণ্ড ২০২৫ সালের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেশি।

অন্যদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে নারী নির্যাতন, ধর্ষণ বা গণধর্ষণের পাঁচটি ঘটনা ঘটেছে। মাসিক গড়ে যা শূন্য দশমিক ৮৩টি। ২০২৫ সালে এ ধরনের ২৮টি ঘটনার মাসিক গড় ছিল ২ দশমিক ৩৩টি। অর্থাৎ এ ক্ষেত্রে মাসিক গড় প্রায় ৬৪ শতাংশ কমেছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে উপাসনালয়ে হামলা, প্রতিমা ভাঙচুর, পূজামণ্ডপে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ১৫টি ঘটনা ঘটেছে। মাসিক গড় ২ দশমিক ৫টি। ২০২৫ সালে এ ধরনের ৯৫টি ঘটনার মাসিক গড় ছিল প্রায় ৭ দশমিক ৯২টি। অর্থাৎ এ ক্ষেত্রেও উল্লেখযোগ্য হারে কমেছে।

তবে জমি দখল বা দখলচেষ্টার ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে এ ধরনের ১৫টি ঘটনার মাসিক গড় ২ দশমিক ৫টি, যেখানে ২০২৫ সালে ২১টি ঘটনার মাসিক গড় ছিল ১ দশমিক ৭৫টি। অর্থাৎ মাসিক গড়ে প্রায় ৪৩ শতাংশ বেড়েছে।

মনিন্দ্র কুমার নাথ আরও জানান, চলতি বছরের প্রথম ছয় মাসে বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, উপাসনালয় ও প্রতিমায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ৪৭টি ঘটনা ঘটেছে। মাসিক গড় ৭ দশমিক ৮৩টি। গত বছর এ ধরনের ১০২টি ঘটনার মাসিক গড় ছিল ৮ দশমিক ৫টি। অর্থাৎ এ ক্ষেত্রেও কিছুটা কমেছে।

এ ছাড়া চলতি বছরের প্রথম ছয় মাসে অপহরণ, চাঁদাবাজি, নিখোঁজ ও নির্যাতনের অভিযোগ, কর্মস্থলে বৈষম্য এবং জোরপূর্বক বাড়িঘর, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগসহ বিভিন্ন ধরনের আরও কয়েক ডজন ঘটনার তথ্যও তুলে ধরে সংগঠনটি।

Back to top button