সাধারণ ছুটি বাড়লো ৫ মে পর্যন্ত

করোনাভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে পাঁচ দফায় ছুটি বাড়ল। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটি বর্ধিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। তবে এই ছুটির সঙ্গে বেশকিছু নির্দেশনা থাকবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রজ্ঞাপনে বেশকিছু নির্দেশনা থাকবে।
স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটি এর আগে আরো সাতদিন সাধারণ ছুটি বাড়ানোর প্রস্তাব করে সরকার প্রধানের কাছে পাঠিয়েছিল।
গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৫-৯ এপ্রিল, পরে ১৪ এপ্রিল এবং সবশেষ ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল।
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ১৭ মার্চ থেকেই বন্ধ রাখা হয়েছে। ১ এপ্রিল থেকে নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত হয়ে গেছে করোনাভাইরাস মহামারীর কারণে।
source: newsnextbd.com


