জাতীয়

শপথ নিলেন নব নির্বাচিত সংসদ সদস্যরা: আগামীকাল নতুন মন্ত্রিসভার শপথ

আইপিনিউজ ডেক্স(ঢাকা): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। আজ বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর–৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিদায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরী। প্রথমে তিনি নিজেই সংসদ সদস্য হিসেবে নিজের শপথ নেন। এরপর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার। পরে সবাই শপথপত্রে সই করেন।

এরপর বেলা ১১টায় স্বতন্ত্র সংসদ সদস্যরা এবং দুপুর ১২টায় জাতীয় পার্টি ও অন্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ বাক্য পাঠ করান স্পিকার।

এদিকে দুপুর ১২টায় আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদ ভবনে সরকারি দলের ওই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে বলেও জানা গেছে।

সংসদীয় দলের নেতা নির্বাচনের বিষয়টি চিঠি দিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে জানানো হবে। এরপর রাষ্ট্রপতি আহ্বান জানালে নতুন সরকার শপথ নেবে। আগামীকাল বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা।

Back to top button