জাতীয়

সারাদেশে হামে শিশু মৃত্যুর বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিসিপি ও ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ‎

আইপিনিউজ বিডি, ১৬ মে, চট্টগ্রামঃ গতকাল ১৫ মে ২০২৬ (শুক্রবার) সন্ধ্যা ৬ ঘটিকায় সারাদেশে হামে শিশু মৃত্যুর বিচারের দাবিতে চবিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত সমাবেশে পিসিপি, চবি শাখার সাধারণ সম্পাদক রিবেক চাকমার সঞ্চালনায় এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চবি সংসদের সাধারণ সম্পাদক শেখ জুনায়েদ কবির শায়রের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চবি সংসদের সহ সভাপতি মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জেস চাকমা ও পিসিপি, চবি শাখার তথ্য প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রিশন চাকমা প্রমুখ। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ক বড়ুয়া। ‎

‎সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণহত্যার দায়ে ফ্যাসিস্ট হাসিনার যেমন বিচার হচ্ছে, দেশ ত্যাগের বাধ্য হচ্ছে তেমনি দেশের চারশত অধিক শিশুর মৃত্যুতে যারা অভিযুক্ত তাদের বিচার করতে হবে।
সারা বাংলাদেশে সুষ্ঠু চিকিৎসা ও হাম রোগের টিকার সংকটের কারণে প্রায় চারশতের অধিক শিশুর প্রাণহানি হয়েছে। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় হাম রোগে আক্রান্ত হয়ে ৭ জন শিশু মৃত্যুবরণ করেছে। এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় চল্লিশ হাজার ছাড়িয়ে গেছে এবং আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের অবহেলা ও স্বাস্থ্য খাতে দুর্নীতিই সারাদেশে এই শিশু মৃত্যুর কারণ।

বক্তারা আরও বলেন, ‎হাম রোগের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক সংস্থা সতর্ক করার পরও এই সরকার বিষয়টাকে অবহেলা করে এড়িয়ে চলেছিলো। তাই দেশে শিশুদের এমন মৃত্যু দেখতে হয়েছে। ‎চব্বিশ এর গণঅভ্যুত্থানের পরবর্তীতে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যমান বিভিন্ন খাতের যে দুর্নীতি তা বন্ধ হবে। কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকারের অবহেলায় আজ সারা দেশে ৪০০ অধিক শিশু মৃত্যুবরণ করেছে।

বক্তারা বলেন, দেশে শিশুদের এমন মৃত্যু মিছিলেও জাতীয় সংসদ কিংবা দেশের নানা গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী মহলে এ বিষয়ে আলোচনা হচ্ছে না। হাসপাতালে গরীব দুঃখী পিতা-মাতারা তাদের সন্তানকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। সমাবেশে বক্তারা অনতিবিলম্বে যাদের অবহেলা ও দূর্নীতিতে দেশের শিশুরা মৃত্যু বরণ করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে একটি তদন্ত কমিটি গঠন করার দাবি জানান এবং সারাদেশে হামের প্রাদুর্ভাব কমাতে সরকারি যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Back to top button