আঞ্চলিক সংবাদ

রাঙ্গামাটিতে শিক্ষার্থী-যুবদের সঙ্গে পিসিপি ও হিল উইমেন্স ফেডারেশনের মতবিনিময় সভা

আইপিনিউজ বিডি, ২৬ সেপ্টেম্বর ২০২৬, রাঙ্গামাটিঃ পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) রাঙ্গামাটি শহর শাখা এবং হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলা কমিটির উদ্যোগে রাঙ্গামাটি সদর উপজেলার সুদিপ্তা দেওয়ান পাড়ায় অবস্থানরত সাধারণ শিক্ষার্থী ও যুবদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত এ সভায় পিসিপি রাঙ্গামাটি শহর শাখার সাধারণ সম্পাদক ইমন চাকমা সঞ্চালনা করেন। সভায় সভাপতিত্ব করেন পিসিপি রাঙ্গামাটি শহর শাখার সভাপতি অনন্ত চাকমা।

সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কাঞ্চনা চাকমা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি সুমন চাকমা। এছাড়াও পিসিপি ও হিল উইমেন্স ফেডারেশনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় এলাকার মাদক বিস্তার ও এর সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দূর-দূরান্ত থেকে উচ্চশিক্ষার উদ্দেশ্যে রাঙ্গামাটিতে আসা অনেক শিক্ষার্থী বিভিন্ন নেতিবাচক প্রভাবের কারণে মাদকাসক্তির ঝুঁকিতে পড়ে। এর ফলে অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে ছিটকে যাওয়ার আশঙ্কায় থাকে। এ বিষয়ে উপস্থিত শিক্ষার্থীদের সচেতন থাকার এবং মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।

এছাড়াও সভায় পার্বত্য চট্টগ্রামের সমসাময়িক পরিস্থিতি ও বিভিন্ন বাস্তবতা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা ছাত্র-যুব সমাজের মধ্যে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং অধিকার, শিক্ষা ও সমাজ উন্নয়নের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

Back to top button