বাম জোটের সভা বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ ও বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি
১৮ মার্চ ২০২৩ ঢাকায় সমাবেশ সফল করার আহ্বান

ডেস্ক রিপোর্ট (আইপিনিউজ): বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দের সাথে ঢাকা মহানগর নেতৃবৃন্দের এক যৌথ সভা আজ ০১ মার্চ ২০২৩ সকাল ১১:৩০টায় সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাম জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতা সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ ও সমাজতান্ত্রিক আন্দোলনের রুবেল সিকদার। বাম জোটের নগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন, সিপিবি নেতা সাইফুল ইসলাম সমীর, হাসান হাফিজুর রহমান সোহেল, বাসদ মার্কসবাদী নেতা সীমা দত্ত, বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা তৈমুর খান অপু, বিধান দাস, মাশুক মাহী প্রমুখ।
সভার এক প্রস্তাবে পুনরায় বিদ্যুতের দাম ৫% বৃদ্ধির অগণতান্ত্রিক ও গণবিরোধী সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানানো হয়।
সভার অপর এক প্রস্তাবে রোজার আগেই চাল, ডাল, তেল, নুন, চিনি, ছোলাসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে বাজার সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ করে মুনাফাখোর সিন্ডিকেট ব্যবসায়ীদের বিচার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানানো হয়। একই সাথে গ্রাম-শহরের নিন্ম আয়ের শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুরও জোর দাবি জানানো হয়।
সভার অপর এক প্রস্তাবে অবিলম্বে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, ভোট ডাকাতির সংসদ ভেঙে দেয়া, নির্দলীয় তদারকি সরকারের অধিনে নির্বাচন এবং সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানানো হয়।
সভায় উপরোক্ত দাবিতে ১৮ মার্চ ঢাকার শাহবাগে অনুষ্ঠিতব্য বাম জোটের সমাবেশ সফল করার লক্ষ্যে আগামী ৯ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন থানায়-অঞ্চলে প্রচারাভিযান কর্মসূচি গ্রহণ করা হয়।
সভা থেকে উল্লেখিত কর্মসূচিসমূহ সফল করতে জোটের সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি উদাত্ত্ব আহ্বান জানানো হয়।


