জাতীয়

গাইবান্ধায় হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির গুড়িয়ে দেয়ার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ

আইপিনিউজ বিডি, ২১ জুন, ঢাকাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বীদের পরম আরাধ্য শ্রীরামচন্দ্রের বিগ্রহ অবমাননার ঘটনায় রাজধানীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, ক্রিস্টিয়ান ঐক্য পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর ও হামলার হুমকির প্রতিবাদে সিলেট, বরিশাল, লক্ষ্মীপুর ও বগুড়াসহ বিভিন্ন জেলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শনিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিগুলোতে হাজারো মানুষ অংশ নেন। বক্তারা বলেন, ধর্মীয় অবমাননা, উপাসনালয়ে হামলার হুমকি এবং সাম্প্রদায়িক উসকানি দেশের দীর্ঘদিনের সম্প্রীতির সংস্কৃতির ওপর আঘাত। এসব ঘটনার পেছনে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
কর্মসূচিগুলোতে বক্তারা বলেন, বাংলাদেশ বহু ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষের মিলিত আবাসভূমি। এই ঐতিহ্য বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে ধর্মীয় অবমাননা, উপাসনালয়ে হামলার হুমকি এবং সাম্প্রদায়িক উসকানির ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

Back to top button