আদিবাসীদের ঐতিহ্যবাহী খাবার শামুক সংগ্রহে প্রশাসনের বাধার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আইপিনিউজ বিডি, ৯ নভেম্বর ২০২৬, নাটোর: আদিবাসীদের ঐতিহ্যবাহী খাদ্য শামুক সংগ্রহে প্রশাসনের বাধা, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান এবং শাস্তির হুমকির প্রতিবাদে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার উদ্যোগে নাটোরের মাদ্রাসা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি রঘুনাথ এক্কার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রতাপ সিং, নাটোর সদর উপজেলা সভাপতি প্রভাত পাহান, সিংড়া উপজেলা সভাপতি নৃপেন উড়াও, সদর উপজেলা সাধারণ সম্পাদক হেমন্ত পাহান, গুরুদাসপুর উপজেলা সভাপতি মাধাই মুন্ডা, আদিবাসী নারী পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক সরস্বতী রানী, সিনিয়র সহসভাপতি নিয়তি কর্মকার এবং আদিবাসী যুব পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক বাপ্পি রবিদাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ০৪ নভেম্বর ২০২৬ নাটোর জেলার সিংড়া উপজেলার সাতপুকুরিয়া এলাকায় চলনবিলে শামুক সংগ্রহের উদ্দেশ্যে আসেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ ও হাকিমপুর উপজেলার আদিবাসীদের একটি দল। এসময় সিংড়া উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পিরিচালনা করে আদিবাসীদের সংগৃহীত শামুক বিলে ফেলে দিতে বাধ্য করেন এবং স্বপন এক্কা (৩৫) ও সুখচান উরাও (৪৫) নামের দুইজনকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন। শামুক সংগ্রহকারী দলের অন্যান্য সদস্যদের মুচলেকা দিয়ে ছেড়ে দেন। এসময় ম্যাজিস্ট্রেট পরবর্তীতে আদিবাসীদের কেউ শামুক সংগ্রহে আসলে ৬ মাসের কারাদন্ডের হুমকি দেন।


