শিল্প ও সংস্কৃতি

বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আদিবাসী উৎসব উদযাপন

আইপিনিউজ বিডি, ৫ নভেম্বর ২০২৬, ময়মনসিংহঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে থিয়েটার অ্যান্ড পারফর্মেন্সে স্টাডিজ কর্তৃক আয়োজনে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও জীবনধারাকে তুলে ধরতে দিনব্যাপী ‘আদিবাসী উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ উৎসবের আয়োজন করা হয়।

সকাল ১০টায় উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী আয়োজনে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জুম নাচসহ বিভিন্ন আদিবাসী গান ও নৃত্য পরিবেশিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিছিল, উন্নয়নকর্মী ও সমাজকর্মী মথুরা বিকাশ ত্রিপুরা এবং প্রিংসন সাংমাসহ অন্যান্য অতিথিরা।

উৎসবের বিভিন্ন পর্বে ছিল আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খেলাধুলা, গল্পের আসর, কবিতা আবৃত্তি, গান, নৃত্য ও সাংস্কৃতিক আড্ডা। এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ঘিলা খেলা এবং মারমা সম্প্রদায়ের রূপকথা নিয়ে গল্পের আসর। বিকেলে কবিতা আবৃত্তি, আদিবাসী গান ও নৃত্যের পাশাপাশি ‘নামের সুতোর মতো’ শীর্ষক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া বোটাল নৃত্য ও ডান্স ক্লাবের পরিবেশনাও উৎসবে বাড়তি মাত্রা যোগ করে।

আয়োজকদের এ উদ্যোগের মধ্য দিয়ে দেশের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যময় ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প ও জীবনধারা তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সাংস্কৃতিক বোঝাপড়া ও সম্প্রীতি জোরদার হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখার পাশাপাশি বৈচিত্র্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ইতিবাচক অবদান রাখবে।

Back to top button