‘রণাঙ্গন থেকে ক্রীড়াঙ্গনে, তুমি রবে সর্বত্র’ স্লোগানে পানছড়িতে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

আইপিনিউজ বিডি, ৩০ অক্টোবর ২০২৬, খাগড়াছড়িঃ পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের জাতীয় চেতনার অগ্রদূত ও অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী এবং জুম্ম জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে শুরু হয়েছে ‘এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) ‘রণাঙ্গন থেকে ক্রীড়াঙ্গনে, তুমি রবে সর্বত্র’ স্লোগানকে সামনে রেখে পানছড়ি এলাকাবাসীর উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় রোমাঞ্চকর টাইব্রেকারে হিল ফ্লাওয়ার স্পোর্টস ক্লাব ৪–৩ গোলে দুদুকছড়া ক্রীড়াসংঘ ও গণপাঠাগারকে পরাজিত করে জয়লাভ করে। খেলাকে কেন্দ্র করে শত শত দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
উল্লেখ্য, মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের জাতীয় চেতনা, আত্মপরিচয় ও অধিকার আদায়ের সংগ্রামের অন্যতম প্রধান পথপ্রদর্শক। তিনি পাহাড়ের বিভিন্ন ভাষাভাষী ও জাতিসত্তার মানুষের ঐক্য, অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন সংগ্রাম করেছেন। একই সঙ্গে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের শোষিত, নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে সোচ্চার ছিলেন।
তাঁর স্মৃতি ও সংগ্রামী চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যেই এ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।


