নারায়ণগঞ্জে রিয়া সরেন (১৯) নামে এক সাঁওতাল তরুণীর মরদেহ উদ্ধার

আইপিনিউজ বিডি, ৯ সেপ্টেম্বর, ২০২৬, নারায়ণগঞ্জঃ ঢাকার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া ইউনিয়নের মঙ্গলখালিতে রিয়া সরেন (১৯) নামে এক আদিবাসি সাঁওতাল যুবতীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
৭ সেপ্টেম্বর সকালে উপজেলার মুরাপাড়া ইউনিয়নের মঙ্গলখালি এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিয়া সরেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের বাঘদাবড়া গ্রামের বাসিন্দা। দরিদ্র পরিবারের একমাত্র মেয়ে রিয়া জীবিকার তাগিদে প্রায় সাত-আট মাস ধরে রূপগঞ্জের ACI Salt Limited-এ কাজ করছিলেন।
তিনি মঙ্গলখালিতে এক কক্ষের টিনের ভাড়া বাসায় এক মুসলিম সহকর্মীর সঙ্গে থাকতেন বলে স্বজনরা জানান। তবে ঘটনার কয়েকদিন আগে তার রুমমেট গ্রামের বাড়িতে চলে যাওয়ায় রিয়া একাই ওই বাসায় ছিলেন। ৬ সেপ্টেম্বর রাতে মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছিলেন বলে জানিয়েছেন রিয়ার মা রিবিকা মুরমু। পরদিন সকালে রিয়ার মরদেহ উদ্ধারের পর প্রথমে বাসার মালিকের পরিবারের পক্ষ থেকে তার স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। পরে স্থানীয়রা তার গলায় আঘাতের চিহ্ন দেখতে পান বলে দাবি করেন। এরপর রিয়ার মৃত্যু আত্মহত্যা বলে দাবি করা হয় এবং তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গিয়েছিল বলে বাসার মালিকের পরিবারের পক্ষ থেকে বলা হয়।
তবে স্থানীয়দের প্রশ্ন, ঝুলন্ত অবস্থায় রিয়ার মরদেহ কেউ দেখেননি; প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় বাসার মালিক ও তার পরিবারের বক্তব্য নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে। স্বজনদের অভিযোগ, বাসার মালিক তানিয়া বেগম রিয়াকে নিজের পরিবারের ঘনিষ্ঠ করে রেখেছিলেন এবং তাকে ধর্মান্তরিত করে মুসলিম ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন।
তবে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি। এদিকে রিয়ার ব্যবহৃত মোবাইল ফোনটিও এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে স্বজনরা জানিয়েছেন। ঘটনার পর রূপগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের করা হয়নি বলে জানা গেছে। পরিবার ও স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে রিয়ার মা শোকে ভেঙে পড়েছেন; তার মৃত্যুতে দিনাজপুরের বাঘদাবড়া গ্রামেও নেমে এসেছে শোকের ছায়া।


