আদিবাসীদের অধিকার ও উন্নয়নের মূলস্রোতে অন্তর্ভুক্তির দাবিতে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত

আইপিনিউজ বিডি, ২৮ আগস্ট, ২০২৬, রাজশাহীঃ আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীতে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি সমস্যা অধিকার সুরক্ষা, শিক্ষা, ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করার দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ সকাল ১১টার রাজশাহী শহরের এস ফুড রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ALRD, RULFAO, SKS ও MAASAUS-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন সংস্থা রুলফাও-এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সামাজিক কল্যাণ সংস্থা (SKS)-এর নির্বাহী পরিচালক সম্রাট রায়হান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মো. আব্দুল মমিন।
সভায় বক্তব্য দেন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা সভাপতি কল্পনা রায়, আসুস নির্বাহী পরিচালক রাজকুমার শাউ পরিবর্তনের নির্বাহী পরিচালক মো. রাশেদ রিপন, বারসিক আঞ্চলিক সমন্বয়ক শহিদুল ইসলাম, বেলার বিভাগীয় সমন্বয়ক তন্ময় কুমার সান্যাল , দিনের আলো হিজরা সংঘের সভাপতি মিস মোহনা, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবিত্রী হেমব্রম, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি উপেন রবিদাস, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমানসহ সহ বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের প্রতিনিধিবৃন্দ আদিবাসী উন্নয়ন ও অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা সমতল ও বরেন্দ্র অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর বিদ্যমান নানা সংকট ও অধিকারবঞ্চনার বিষয়গুলো তুলে ধরেন। বক্তারা বলেন, আদিবাসীদের ভূমির মালিকানা রক্ষা, অবৈধ দখল ও উচ্ছেদ বন্ধে কার্যকর আইনগত সুরক্ষা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি আদিবাসী শিশুদের নিজস্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার সুযোগ সৃষ্টি এবং তাঁদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
বক্তারা আরও বলেন, জাতীয় স্বার্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের সুফল যেন প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর কাছেও পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সরকারি সহায়তা যেন সুষমভাবে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে বণ্টন করা হয়, সেদিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে।
সভায় বক্তারা আদিবাসীদের ভূমি অধিকার, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, সাংস্কৃতিক অধিকার ও উন্নয়নের মূলধারায় কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে সভার সভাপতি আফজাল হোসেন বলেন, “আদিবাসীদের অধিকার রক্ষা ও মূলস্রোতের উন্নয়নে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রয়োজন দীর্ঘমেয়াদি, সমন্বিত ও কার্যকর পদক্ষেপ।”
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ আদিবাসীদের ন্যায্য অধিকার আদায়, ভূমি ও শিক্ষা সমস্যার সমাধান এবং সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতে সম্মিলিত ও জোরদার সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।


