আঞ্চলিক সংবাদবিশেষ প্রতিবেদন

হামে আক্রান্ত আরও এক খুমী শিশুর মৃত্যু, দুই দিনে একই পরিবারের সন্তানকে হারালো পরিবার

আইপিনিউজ বিডি, ২৭ জুলাই, ২০২৬, বান্দরবানঃ বান্দরবানের দুর্গম অঞ্চলে হামের প্রাদুর্ভাবের মধ্যে আক্রান্ত হয়ে একই পরিবারের আরও এক খুমী শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে মাত্র দুই দিনের ব্যবধানে একই পরিবারের শিশুর প্রাণ হারিয়েছে।

সোমবার (২৭ জুলাই) ফ্রেএং খুমী (৪)-এর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বান্দরবান জেলা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দরবান জেলা সদর হাসপাতালটি ১০০ শয্যাবিশিষ্ট হলেও সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) না থাকায় গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠাতে হয়। সময়মতো বিশেষায়িত চিকিৎসা না পাওয়ায় দুর্গম এলাকার রোগীদের চিকিৎসা আরও কঠিন হয়ে পড়ে বলে স্থানীয়দের অভিযোগ।

এর আগে, গত ২৫ জুলাই হামে আক্রান্ত ফ্রেএং খুমীর বড় ভাই প্রেটংএং খুমী (৭) রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়। মাত্র দুই দিনের ব্যবধানে একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে পরিবার, স্বজন এবং স্থানীয় জনগণের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, সম্প্রতি বান্দরবানের আলিকদম, রুমা, থানচি ও পার্শ্ববর্তী দুর্গম এলাকাগুলোতে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে সেখানে একাধিক শিশু আক্রান্ত হয়েছে এবং কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। দুর্গম ভৌগোলিক অবস্থান, সীমিত স্বাস্থ্যসেবা এবং সময়মতো চিকিৎসা না পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে দুর্গম এলাকাগুলোতে বিশেষ মেডিকেল টিম মোতায়েন, পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, হামের টিকাদান কর্মসূচি জোরদার, পুষ্টি সহায়তা নিশ্চিত এবং গুরুতর রোগীদের জন্য জরুরি রেফারেল ও বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করা প্রয়োজন। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

Back to top button