চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী শিক্ষার্থীকে বাসে শ্লীলতাহানির চেষ্টা

আইপিনিউজ বিডি, ২৫ জুলাই ২০২৬,চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক জুম্ম শিক্ষার্থীকে খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত মোহাম্মদ জসিমের (৩৫) বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর এলাকায়। তাঁর বাবার নাম মৃত তোফায়েল আহমেদ।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল ২৪ জুলাই ২০২৬, শুক্রবার বেলা দুইটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে উঠে বাড়ির উদ্দেশে রওনা দেন ওই জুম্ম শিক্ষার্থী। এ সময় তাঁর পেছনের আসনে বসা মোহাম্মদ জসিম নামের এক বাঙালি সিগারেটের ছাই ফেলার অজুহাতে তাঁর শরীরে স্পর্শ করেন। ওই শিক্ষার্থী প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি তাঁর সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করেন এবং হুমকি দেন।
পরে অন্য যাত্রীদের হস্তক্ষেপে হাটহাজারী এলাকায় অভিযুক্তকে তাঁর স্ত্রী ও সন্তানসহ বাস থেকে নেমে যেতে বাধ্য করেন।
পরে বাসটি ফটিকছড়ির একটি বাসস্ট্যান্ডে থামলে, ঐ ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে বাসের পিছু পিছু ছুটে এসে আবারও ওই বাসে ওঠেন এবং জুম্ম শিক্ষার্থীকে চুলের মুঠি ধরে শারীরিকভাবে হেনস্তা ও অকথ্য ভাষায় গালিগালাজ করে বাস থেকে নামানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এরপর ভুক্তভোগী জুম্ম শিক্ষার্থী ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় মামলা দায়ের করলে পুলিশ মামলা রুজু করে এবং অভিযুক্ত মো. জসিমকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।


