নেত্রকোনায় সিপিবি সমাবেশে ছাত্রলীগ এবং পুলিশি হামলার বিচার দাবি ছাত্র ইউনিয়নের

গত ১৪ অক্টোবর, ২০২৩ইং শনিবার, ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রাম কে জোরদার করার লক্ষ্যে নেত্রকোনায় সিপিবির জনসমাবেশে ছাত্রলীগ ও রাষ্ট্রীয় বাহিনীর হামলা এবং ছাত্র ইউনিয়ন নেত্রকোনা জেলা সংসদের কোষাধ্যক্ষ আজিজুর রহমান ও জেলা যুব ইউনিয়ন মোস্তাফা কামালকে গ্রেফতারের ঘটনায় তীব্র ক্ষোভ ও এই ঘটনার বিচারের দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রামকে জোরদার করার লক্ষ্যে নেত্রকোনায় সিপিবির জনসমাবেশে ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও পুলিশি আক্রমণের এবং বিনা ওয়ারেন্টে গ্রেফতারের মাধ্যমে দেশের প্রকৃত চিত্র ফুটে উঠেছে। এর পূর্বেও দেশের বিভিন্ন স্হান ও শিক্ষার্থীদের ন্যায্য এবং যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে রাষ্ট্রীয় মদদপুষ্ট পুলিশি আক্রমন, গ্রেফতার ও লীগগোষ্ঠীর সন্ত্রাসী হামলা আমরা দেখেছি। একটি রাজনৈতিক দলের সমাবেশে হামলা করে সরকার স্বৈরাচারী আচরণের পরিচয় দিয়েছেন যা অত্যন্ত নিন্দনীয়। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ অবধি শিক্ষা আন্দোলনসহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এদেশের সাধারণ মানুষ। একদিকে সারাদেশে ছাত্রলীগ-যুবলীগসহ তাদের নানা অঙ্গসংগঠনের সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে দেশের সাধারণ মানুষকে দাবিয়ে রাখার অপচেষ্টা, অন্যদিকে সরকার পুলিশ প্রশাসন দিয়ে ভিন্নমত দমনে হামলা ও গ্রেফতার করে দেশব্যাপী এক ভয়ের সংস্কৃতি সৃষ্টি করেছে সরকার । জনতার জাগরণকে সরকার ভয় পাচ্ছে। তাই দমন-পীড়নের মাধ্যমে জনতার কন্ঠরোধ করতে চায়।
চলমান সংকটময় পরিস্থিতিতে আপামর ছাত্র-জনতা তথা দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান নেতৃবন্দ।


