আঞ্চলিক সংবাদ

বান্দরবানের ম্রো পাড়ায় অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

বান্দবানের লামায় রেংয়েন ম্রো কারবারি পাড়ায় অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে হিল উইমেন্স ফেডারেশন। শুক্রবার সকালে রাঙামাটিতে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও পার্বত্য ভূমি কমিশন কার্যকর না হওয়ার কারণে বারবার লামা উপজেলার সরই ইউনিয়নে রেংয়েন ম্রো কারবারি পাড়ায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটছে। প্রশাসন দোষীদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা না নিয়ে নীরব ভূমিকা পালন করছে।

বক্তারা অভিযোগ করে জানান, লামা রাবার ইন্ডাষ্ট্রিজ লিমিটেডে কর্তৃক এ অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। অবিলম্বে রাবার কোম্পানির ইজারা বাতিল, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও হামলাকারীদের শাস্তি দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

জেলা প্রশাসন কার্যালয়ের সামনে ব্যানার ও ফেস্টুন সম্বলিত বিভিন্ন দাবি নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে  সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সোনারিতা চাকমা।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্যে দেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপুন ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শান্তিদেবী তংচংগ্যা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি শাখার সাধারনণ সম্পাদক সুমিত্র চাকমা, রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী এলি চাকমা প্রমুখ।

Back to top button