২৬ শে মার্চ ময়মনসিংহে অনুষ্ঠিত হবে কনসার্ট ফর এডুকেশন

আইপিনিউজ ডেস্কঃ বাংলাদেশের সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চল নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রাম ও ময়মনসিংহের ধোবাউরা উপজেলার ডেফুলীয়াপাড়া গ্রামের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তার জন্য আগামী ২৬ মার্চ ময়মনসিংহ শহরের কারিতাস অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘Concert For Education’।
কনসার্টের আয়োজকরা আইপিনিউজকে জানান, এই উদ্যোগের মাধ্যমে আমরা এ দু’টি গ্রামের স্কুলের জন্য নির্দিষ্ট পরিমানের (৩-৫ লক্ষ টাকার) তহবিল গড়ে তুলতে যাচ্ছি। সম্মিলিত ব্যবস্থাপনায় সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল দু’টি পরিচালনা করা হবে। এতে প্রতি মাসে শিক্ষকদের সম্মানি নিয়ে অনিশ্চয়তার সুরাহা এবং এর একটি স্থায়ী সমাধান হবে। ঐ এলাকার শিশুদের জন্য এটাই একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যা কিছু মানুষের সহায়তায় টিকে আছে। এ মহতী উদ্যোগে আপনাদের অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি। আসুন সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষায় পাশে দাঁড়াই।
উক্ত কনসার্টে গান গাইবে আদিবাসী ব্যান্ড মাদল, এফ মাইনর এবং ব্রিং।
কনসার্টের টিকিট বা অনুদান মূল্য ধরা হয়েছে হাই স্কুলের শীক্ষার্থীদের জন্য ৫০ টাকা এবং কলেজ/বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য ১০০ টাকা। এছাড়া অন্যান্যদের জন্য ৩০০ এবং ১০০০ টাকার টিকিট বা অনুদান মূল্য নির্ধারণ করেছে আয়োজকরা।
কনসার্টটি ২৬ শে মার্চ বিকেল ৩:৩০ থেকে শুরু হবে। ইতোমধ্যে অনলাইনভিত্তিক প্রচারণায় ভাল সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
কারিতাস ময়মনসিংহ অঞ্চল ও গানের দল ব্রিং যৌথভাবে এই কনসার্টটি আয়োজন করছে।


