অন্যান্য

নটর ডেম বিশ্ববিদ্যালয় এ জমকালো নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নটর ডেম কলেজ এর নাম শুনেননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। দেশের শিক্ষা ব্যবস্থায় অধিকতর অবদান রাখার লক্ষ্য নিয়ে বছর কয়েক আগে রাজধানী ঢাকার মতিঝিলে অবস্থিত সেই ঐতিহ্যবাহী নটর ডেম প্রাঙ্গনে স্থাপিত হয় নটর ডেম বিশ্ববিদ্যালয়। গত ৮ই জুলাই, শনিবার নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর নতুন ভর্তি হওয়া ২৫ তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় এক জমকালো নবীন বরণ অনুষ্ঠান।

নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান ড. ফাদার জর্জ কমল রোজারিও, সিএসসি। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ফাদার এস, আদম পেরেরা, সিএসসি, রেজিস্ট্রার ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও, সিএসসি, ডিন, বিভিন্ন অনুষদের প্রধানগণ, প্রশাসনিক, অ্যাকাডেমিক ও নন অ্যাকাডেমিক স্টাফ, নবীন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রধান অতিথি জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীবৃন্দ। পরে অতিথিবৃন্দসহ নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় তোমাদের সবার জন্য এক নতুন জায়গা, এখানে তোমরা নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে এবং একজন ভাল ছাত্রই শুধু নয় বরং একজন ভালো মানুষ হিসেবেও বড় হবে। এবং তার জন্য নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ তোমাদের সকল প্রকার সহযোগিতা করবে।”

অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন “আমি যুবদের বিশ্বাস করি, কারন এই যুবরাই অনেক অসাধ্য কাজ করতে পারে যা আমাদের অনেকের পক্ষে সম্ভব নয়। এই যুব বয়সই জীবন যুদ্ধে নামার আসল সময়। নিজেকে প্রস্তুত করে তোলো কারন তোমাদের মাধ্যমেই আমাদের এই সমাজের পরিবর্তন আসবে।”

বর্তমান শিক্ষার্থীদের মধ্য থেকে সাদিয়া জাহান মোহনা, নতুন শিক্ষার্থীদের মধ্য থেকে ভিক্টর রোজারিও এবং অভিভাবকদের মধ্য হতে সুব্রত সলোমোন গমেজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি এবং নাটিকা উপস্থাপন করেন যা আয়োজনকে আরো আনন্দপূর্ণ করে তোলে। সবশেষে সহকারী রেজিস্ট্রার ফাদার নিত্য এক্কা, সিএসসি সকলকে ধন্যবাদ জানানোর মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণ করেন।

#আইপিএসসি

Back to top button