আঞ্চলিক সংবাদ

ইবিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

‘ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীদের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্রদের আয়োজনে ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালিটি জিয়া মোড় থেকে শুরু হয়ে ডায়না চত্বর প্রদক্ষিণ করে স্মৃতিসৌধে এসে সমবেত হয়।

বিশ্ববিদ্যালয়ের সমতল আদিবাসী ছাত্র সংগঠন এবং জুম্ম ছাত্র কল্যাণ সমিতির যৌথভাবে দিবসটি উদযাপন করেছে। এসময় উপস্থিত ছিলেন জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সভাপতি বিশাল চাকমা, সাধারণ সম্পাদক অংসিংমং মারমা এবং সমতল আদিবাসী ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক জুলিয়ান হেমরম জয়, সহ-সভাপতি স্বপন টপ্য প্রমুখ নেতৃবৃন্দ।

র‍্যালি শেষে সংগঠনটির নেতারা বলেন, আন্তর্জাতিক আদিবাসী দিবস স্বীকৃতির ২৮ বছর পেরিয়ে গেলেও আমরা বাংলাদেশে এখন পর্যন্ত আদিবাসীর সাংবিধানিক স্বীকৃতি পাই নি। এখনও আমাদের বিভিন্ন হয়রানির শিকার হতে হয়। এসময় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি দখল রোধে প্রতি জেলায় ভূমি কমিশন প্রতিষ্ঠা, আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও শোষণ বঞ্চনা প্রতিরোধে সরকারি মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানান তারা।

Back to top button