জাতীয়বিশেষ প্রতিবেদন

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপচেষ্টার অভিযোগ, প্রতিবাদ জানালেন ৩৪ বিশিষ্ট নাগরিক

আইপিনিউজ বিডি, ১৫ নভেম্বর ২০২৬, ঢাকাঃ দেশবরেণ্য ভাষাসংগ্রামী ও মহান মুক্তিযুদ্ধের শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লা শহরের ঝাউতলা এলাকার পৈতৃক বাসভবন ‘স্মৃতি জাদুঘর’ নামে সাইনবোর্ড লাগিয়ে দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বাড়িটি সুরক্ষায় সরকারের হস্তক্ষেপ এবং তা তাঁর পরিবারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন দেশের ৩৪ জন বিশিষ্ট নাগরিক।

শনিবার (১৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কুমিল্লা শহরের ঝাউতলা এলাকায় অবস্থিত তাঁদের নিজস্ব বাড়িটি একটি বিশেষ মহল দখলের চেষ্টা করছে। বাড়িটিতে ‘স্মৃতি জাদুঘর’ লেখা সাইনবোর্ড লাগিয়ে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দখলের অপপ্রয়াস চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

বিবৃতিতে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে বলা হয়, ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানের গণপরিষদে তিনিই প্রথম বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি উত্থাপন করেন। তাঁর এই সাহসী ভূমিকার কারণে তৎকালীন পাকিস্তানি শাসকদের বিরাগভাজন হলেও পূর্ব বাংলার ছাত্র-জনতা তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিল।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা শুরুর পর তাঁকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ক্যান্টনমেন্টে দীর্ঘদিন শারীরিক নির্যাতনের পর তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। একই সময়ে তাঁর কনিষ্ঠ পুত্রকেও হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত একজন প্রখ্যাত আইনজীবী ও জননন্দিত রাজনীতিবিদ ছিলেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, উপমহাদেশের ঔপনিবেশিক শাসনবিরোধী আন্দোলন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শেরে বাংলা এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও পণ্ডিত জওহরলাল নেহরুর মতো বরেণ্য নেতাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের পর শেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন তিনি।

বিবৃতিদাতারা বলেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তসহ অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও স্বাধীন বাংলাদেশে তাঁর অবদানকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা হয়নি। তাঁর নামে এখনো কোনো জাতীয় প্রতিষ্ঠানের নামকরণ না হওয়াকে তাঁরা দুঃখজনক ও লজ্জাজনক বলে উল্লেখ করেন।

তাঁরা আরও বলেন, যে ব্যক্তির অবদান বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিসংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয়, তাঁর নিজস্ব বাড়ি স্মৃতি জাদুঘরের নামে দখলের যে অপচেষ্টা চলছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে অবিলম্বে বাড়িটিতে দখলকারীদের লাগানো সাইনবোর্ড অপসারণ করে তা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের পরিবারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়া এবং বাড়িটির যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে তাঁর স্মৃতির প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের অংশ হিসেবে একটি জাতীয় প্রতিষ্ঠানের নাম তাঁর নামে নামকরণ এবং জাতীয় সংসদের কাছাকাছি কোনো একটি সড়কের নামকরণ তাঁর নামে করার দাবি জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ১. আনু মোহাম্মদ, প্রাক্তন অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২. অ্যাডভোকেট সুলতানা কামাল, মানবাধিকার কর্মী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন ৩. খুশী কবির, সমন্বয়কারী, নিজেরা করি ৪. ড. ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআই-বি ৫. আবু সাঈদ খান, লেখক ও সাংবাদিক
৬. অ্যাডভোকেট জেড আই খান পান্না, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ৭. রাশেদা কে চৌধুরী, নির্বাহী পরিচালক, গণস্বাক্ষরতা অভিযান ৮. শাহীন আনাম, নির্বাহী পরিচালক, মানুষের জন্য ফাউন্ডেশন ৯. ড. শহিদুল আলম, আলোকচিত্রী ১০. শামসুল হুদা, নির্বাহী পরিচালক, এএলআরডি ১১. ড. সামিনা লুৎফা, অধ্যাপক, সমাজ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ১২. ড. তানজীমউদ্দিন খান, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ১৩. ড. শাহনাজ হুদা, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ১৪. ড. জোবাইদা নাসরীন, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৫. রোবায়েত ফেরদৌস, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ১৬. তাসনিম সিরাজ মাহবুব, সহযোগী অধ্যাপক, ইংরেজী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ১৭. ড. স্বপন আদনান, ভিজিটিং প্রফেসর, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং পলিটিকাল সাইন্স ১৮. রেহনুমা আহমেদ, লেখক ও গবেষক ১৯. অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ২০. অ্যাডভোকেট তবারক হোসেন, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
২১. সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক, সম্মিলিত সামাজিক আন্দোলন ২২. পাভেল পার্থ, লেখক ও গবেষক ২৩. ড. ঈশিতা দস্তিদার, নৃবিজ্ঞানী ও গবেষক ২৪. রোজিনা বেগম, গবেষক ও অধিকার কর্মী ২৫. অ্যাডভোকেট সালমা আলী, নির্বাহী পরিচালক, বি এন ডব্লিউ এল এ ২৬. মনিন্দ্র কুমার নাথ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ২৭. জাকির হোসেন, প্রধান নির্বাহী, নাগরিক উদ্যোগ ২৮. এড. সাইদুর রহমান, প্রধান নির্বাহী, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন ২৯. শাহেদ কায়েস, কবি ও প্রাবন্ধিক ৩০. মিঠুন রাকসাম, কবি ও আদিবাসী সংস্কৃতি কর্মী ৩১. সাঈদ আহমেদ, মানবাধিকার কর্মী ৩২. দীপায়ন খীসা, মানবাধিকার কর্মী ৩৩. ড. হানা শামস আহমেদ, অধিকার কর্মী ৩৪. মুক্তাশ্রী চাকমা, অধিকার কর্মী

Back to top button