ছয় বছরে পদার্পণ করল জুম একাডেমি, ভর্তি পরীক্ষায় সাফল্য পেয়েছেন ২০০-এর বেশি শিক্ষার্থী

আইপিনিউজ বিডি, ১২ নভেম্বর ২০২৬, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ঃ পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক ও দুর্গম অঞ্চলের আদিবাসী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী শিক্ষামূলক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার ‘জুম একাডেমি’ ছয় বছর পূর্ণ করেছে। ২০২০ সালের ১২ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল মেধাবী ও প্রগতিশীল আদিবাসী শিক্ষার্থীর উদ্যোগে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠার পর থেকেই অর্থনৈতিকভাবে অসচ্ছল ও প্রান্তিক আদিবাসী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রস্তুতির ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও মেন্টরিং প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জুম একাডেমি।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের মতে, অর্থনৈতিক অসচ্ছলতার কারণে অনেক আদিবাসী শিক্ষার্থীর পক্ষে শহরাঞ্চলের ব্যয়বহুল কোচিং সেন্টারে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয় কিংবা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয় না। ফলে প্রয়োজনীয় গাইডলাইন ও মেন্টরিংয়ের অভাবে মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী ভর্তি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। এমন বাস্তবতা বিবেচনায় নিয়ে অসচ্ছল শিক্ষার্থীদের বিনামূল্যে কিংবা স্বল্পমূল্যে ভর্তি পরীক্ষার প্রস্তুতির সুযোগ করে দেওয়ার প্রত্যয় নিয়ে জুম একাডেমির যাত্রা শুরু হয়।
যাত্রার শুরু থেকেই জুম একাডেমি শিক্ষার আলো প্রান্তিক ও দুর্গম পাহাড়ি জনপদে ছড়িয়ে দিতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে কিংবা স্বল্পমূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পরিচালনা, সপ্তাহব্যাপী শিক্ষা ক্যাম্পেইন আয়োজন, শিক্ষাসামগ্রী বিতরণ, উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার আয়োজন এবং দুর্গম এলাকায় পাঠাগার প্রতিষ্ঠার লক্ষ্যে বই সংগ্রহ ও বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির মেন্টর ও স্বেচ্ছাসেবক হিসেবে সম্পূর্ণ স্বেচ্ছায় ও বিনামূল্যে কোচিং ক্লাস পরিচালনা এবং শিক্ষা ক্যাম্পেইনে অংশগ্রহণ করে থাকেন। শুরুতে বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং কার্যক্রম পরিচালনা করলেও নানা বাস্তবতার কারণে বর্তমানে প্রতিষ্ঠানটি শুধু বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কার্যক্রম পরিচালনা করছে।

জুম একাডেমির উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে এর শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ অর্জন। প্রতিষ্ঠানটির ষষ্ঠ ব্যাচ পর্যন্ত বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও নার্সিং ইনস্টিটিউটে ২০০-এর অধিক শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।
প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতা, আর্থিক সংকট ও প্রতিকূল বাস্তবতা থাকলেও শিক্ষার মাধ্যমে পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অগ্রযাত্রায় অবদান রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে জুম একাডেমি। দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং আদিবাসী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে নেওয়ার মাধ্যমে একটি শিক্ষিত ও সচেতন সমাজ গড়ে তোলাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুম একাডেমির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনায় সহযোগিতাকারী শিক্ষার্থী, মেন্টর, শুভাকাঙ্ক্ষী, বিশ্বশান্তি প্যাগোডা কর্তৃপক্ষ এবং ছাত্রাবাসের শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। একই সঙ্গে জুম একাডেমির প্রতি আস্থা ও বিশ্বাস রেখে পাশে থাকা সকলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
জুম একাডেমির প্রত্যাশা, পাহাড়ের প্রত্যন্ত জনপদ থেকে উঠে আসা অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন ও সাফল্যের মধ্য দিয়ে একদিন তাদের এই উদ্যোগ আরও বৃহৎ পরিসরে বাস্তব রূপ লাভ করবে।


