আঞ্চলিক সংবাদ

সাজেকের ৩০টির অধিক গ্রামের উদ্যোগে এম এন লারমার ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আইপিনিউজ বিডি, ৬ নভেম্বর ২০২৬, রাঙ্গামাটি প্রতিনিধিঃ মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বড় কমলাকে ৩০টির অধিক গ্রামের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৬ নভেম্বর) সুন্দর ও প্রাণবন্ত পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জুম্ম জনগণের অগ্রদূত মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার জীবন, আদর্শ, রাজনৈতিক দর্শন ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

প্রতিযোগিতা শুরুর আগে সংক্ষিপ্ত পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন শিক্ষক অতুল বরণ চাকমা। তিনি মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার সংক্ষিপ্ত জীবনপরিচয় ও জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদানের কথা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন বড় কমলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোয়েল চাকমা, ছয়নাল ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরণ চাকমা, দাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব চাকমা, তালছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিলীপ চাকমা এবং লক্ষীধন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অতুল বরণ চাকমা।

অতুল বরণ চাকমা বলেন, “মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা জুম্ম জনগণের অধিকার, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তাঁর জীবন, আদর্শ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। শিশু-কিশোরদের মধ্যে তাঁর রাজনৈতিক দর্শন, ইতিহাস ও জাতীয় চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ ধরনের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল চর্চার পাশাপাশি নিজেদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে ও সচেতন হতে পারবে।”

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাজেক ইউনিয়নের আটটি বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিচারকেরা শ্রেণিভিত্তিক তিনটি বিভাগে বিজয়ীদের নির্বাচন করেন। এর মধ্যে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রতিটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী নির্বাচন করা হয়।

অন্যদিকে, রচনা প্রতিযোগিতায় সাজেক আবাসিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার জীবন, রাজনৈতিক চিন্তাধারা, আদর্শ ও সংগ্রাম সম্পর্কে নিজেদের ভাবনা ও উপলব্ধি তুলে ধরার সুযোগ পায়।

আয়োজকরা মনে করেন, নতুন প্রজন্মের কাছে মানবেন্দ্র নারায়ণ লারমার জীবন ও আদর্শ তুলে ধরার পাশাপাশি জুম্ম জনগণের ইতিহাস, জাতীয় চেতনা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম সম্পর্কে শিশু-কিশোরদের সচেতন করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Back to top button