আঞ্চলিক সংবাদ

সমতলের আদিবাসীদের ভূমি অধিকার সুরক্ষায় ৩ দফা দাবিতে রাজশাহীতে স্মারকলিপি

আইপিনিউজ বিডি, ২৯ সেপ্টেম্বর ২০২৬, রাজশাহীঃ সমতলের আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার সুরক্ষায় কার্যকর আইন বাস্তবায়ন ও প্রয়োজনীয় আইন সংস্কারের দাবিতে রাজশাহীতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় আদিবাসী পরিষদ ও বিপনেট।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম এবং বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীর কাছে পৃথকভাবে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে সমতলের আদিবাসীদের ভূমি অধিকার সুরক্ষায় তিন দফা দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হলো—
১. ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭ নম্বর ধারা সংশোধন করে ২০১০ সালের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইনের বিধান অনুযায়ী পূর্বোক্ত আইনের আওতার বাইরে থাকা আদিবাসী জনগোষ্ঠীগুলোকে অন্তর্ভুক্ত করা।

২. উল্লিখিত আইন সংশোধনের পর ৯৭(৮)(ক) ধারার বিধান অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে সংশ্লিষ্ট আদিবাসী জনগোষ্ঠীগুলোর নাম প্রকাশ করা।

৩. সমতলের আদিবাসী অধ্যুষিত সব জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটদের প্রতি প্রয়োজনীয় আদেশ জারি করা, যাতে সংশ্লিষ্ট আইনের ৯৭(৮)(ক) ধারার বিধান অনুযায়ী আদিবাসীদের আবেদন গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, বিপনেটের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী অঞ্চলের সদস্য সচিব নবদ্বীপ লাকড়া, আশ্বাসের প্রতিনিধি নিবারণ তির্কী, আদিবাসী যুব সংগঠনের বিমল লাকড়া ও গৌরাঙ্গ এক্কা।

স্মারকলিপি গ্রহণকালে রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী দাবিগুলো নিয়ে রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়ার আশ্বাস দেন। একইসঙ্গে আদিবাসীদের নিজেদের ভূমি সুরক্ষার বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

স্মারকলিপি প্রদানকারীরা বলেন, সমতলের আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার দীর্ঘদিন ধরে নানা ধরনের সংকট ও অনিশ্চয়তার মুখে রয়েছে। বিদ্যমান আইনের কার্যকর বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে তাদের ভূমি অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Back to top button