বিশেষ প্রতিবেদনশিক্ষা

বাঘাইছড়ি ‎সাজেকের তালছড়া গ্রামের স্কুলে পিসিপি’র নেতৃত্বে শিক্ষা সামগ্রী বিতরণ ও স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়।

আইপিনিউজ বিডি, ১৮ আগস্ট, ২০২৬, রাঙ্গামাটিঃ ‎১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার রাঙামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের তালছড়াতে ‎পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ বাঘাইছড়ি থানা শাখার উদ্যোগে ঢেবাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণসহ শিক্ষক, অভিভাবক, কার্বারি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

‎এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ বাঘাইছড়ি থানা শাখার সভাপতি চিবরন চাকমা, সহ-সভাপতি উদ্দীপন চাকমা ও সাংগঠনিক সম্পাদক রুপেজ চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা কমিটির সভাপতি পুলকজ্যোতি চাকমাসহ কমিটির নেতৃবৃন্দ।
আলোচনাকালে, সেখানকার কার্বারী, অভিভাবক ও স্থানীয় মুরুব্বীরা পিসিপি ও পার্টির নেতৃবৃন্দের সফরকে অত্যন্ত আনন্দের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের শিক্ষক সংকট, স্কুলের পাঠদানের ভবন সংকট, সুপেয় পানির ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন শিক্ষার্থীদের অসুবিধার কথা তুলে ধরেন।

মতবিনিময় সভায় পিসিপি ও ‎‎পিসিজেএসএস বাঘাইছড়ির নেতৃবৃন্দের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার ব্যাপারে শাসকগোষ্ঠীর আন্তরিক স্বদিচ্ছার অভাবের কারণে শুধু এই স্কুলের নয় পার্বত্য চট্টগ্রামে প্রায়ই স্কুলগুলোতে এই বেহাল দশায় রাখা হয়েছে। যার কারণে, প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে অল্প পড়াশোনা শিখে ঝড়ে পড়ার প্রবণতা ব্যাপক দেখা যায় এবং পার্বত্য চট্টগ্রামের জুম্মদেরকে বিভিন্নভাবে পিছিয়ে রাখা হয়েছে।
তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষার পাশাপাশি যে ধরনের সমস্যা জর্জড়িত রয়েছে তা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে সমাধান হওয়ার কথা ছিলো। কিন্তু, শাসকগোষ্ঠী চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো আন্তরিকতা চুক্তির ২৯বছরেও দেখা যায়নি বরং চুক্তি বাস্তবায়নের পথে নানাভাবে অপপ্রচার, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
এছাড়াও, ঢেবাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেসব অসুবিধা রয়েছে সেগুলো যথাসাধ্য চেষ্টা করার আশ্বাস প্রদান করেন এবং সকলকে পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, সবশেষে ঢেবাছড়ি বেসরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Back to top button