আঞ্চলিক সংবাদবিশেষ প্রতিবেদন

বান্দরবানে চিকিৎসা সেবায় মানোন্নয়নে ৬ দফা দাবিতে ছাত্রজনতার মানববন্ধন

আইপিনিউজ বিডি, ৩ আগস্ট, ২০২৬, বান্দরবানঃ পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত বান্দরবান স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা, অনিয়ম-দুর্নীতি, চিকিৎসা উপকরণের অপ্রতুলতা, চিকিৎসক-নার্সের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা ও হামে আক্রান্ত রোগীদের মানসম্মত চিকিৎসাসহ ৬ দফা দাবিতে আজ সকাল ১০ টার দিকে প্রেসক্লাবের সামনে বান্দরবান ছাত্র-জনতা এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, চলতি বছরের মার্চ থেকে জুলাই মাসের মধ্যে জেলায় প্রায় ১,৪০০ জন হামে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, এই সময়সীমায় শুধুমাত্র রুমা উপজেলায় ৯ জন এবং আলীকদম উপজেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে। ভৌগোলিক দুর্গমতার কারণে সময়মতো চিকিৎসা না পৌঁছানোয় প্রাণহানির ঘটনা ঘটছে বলে জানান তারা।

এছাড়া অ্যান্টিভেনমের অভাবে সাপের কামড়ে মৃত্যু, প্রসূতি মায়ের জরুরি চিকিৎসার অভাব এবং চিকিৎসকদের অসদাচরণের কারণে সরকারি চিকিৎসার ওপর স্থানীয়দের আস্থা দিন দিন কমছে। অনেক দুর্গম এলাকায় বাধ্য হয়ে মানুষ এখনো কবিরাজি চিকিৎসার ওপর নির্ভর করছে।

বক্তারা আরো বলেন, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী স্বাস্থ্য বিভাগের তদারকির দায়িত্ব পার্বত্য জেলা পরিষদের ওপর থাকলেও দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও তদারকির অভাবে ১৪টি নৃগোষ্ঠীর এই অঞ্চলে মৌলিক চিকিৎসাসেবা এখনো অধরা রয়ে গেছে।

ছাত্রনেতা সইনাং খুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রনেতা উবাথোয়াই মারমা, থোয়াই অং মারমা, নেলসন ত্রিপুরা, সালাউ খেয়াং, নৈতিক জয় তঞ্চঙ্গ্যা ও জন ত্রিপুরা।

এ সময় ছাত্র-জনতা মানবন্ধন থেকে ছয় দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—
১. বান্দরবান জেলা সদর হাসপাতালসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ও মানসম্মত হাসপাতালে উন্নীত করতে হবে।
২. চিকিৎসক ও নার্সদের কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা
৩. জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে আধুনিক অ্যাম্বুলেন্স, অক্সিজেন, অ্যান্টিভেনম, প্রয়োজনীয় ভ্যাকসিন ও ওষুধের পর্যাপ্ত মজুত নিশ্চিত করা এবং প্রয়োজনে নৌ-অ্যাম্বুলেন্স চালু করা
৪. বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রমে কঠোর তদারকি নিশ্চিত করে দরিদ্র মানুষের জন্য স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা।
৫. জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এমআরআই, সিসিইউ ও আইসিইউ স্থাপনে দ্রুত উদ্যোগ নেয়া।
৬. পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী স্বাস্থ্য বিভাগের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদকে কার্যকর পদক্ষেপ নেয়া ।

মানববন্ধন শেষে বক্তারা স্বাস্থ্যখাতের অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করে দুর্গম এলাকার মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Back to top button