আঞ্চলিক সংবাদ

কক্সবাজার উখিয়ায় স্থানীয় বাঙ্গালী কর্তৃক বৌদ্ধ বিহারে হামলা, মূর্তি ও ঘর ভাঙচুর

আইপিনিউজ বিডি, ১ আগস্ট, ২০২৬, কক্সবাজারঃ কক্সবাজারের উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে “ছেনছড়ি বৌদ্ধ বিহারে” মুসলীম বাঙালিরা সংঘবদ্ধ হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। হামলায় বৌদ্ধ বিহারের অন্তত ৩টি বৌদ্ধ মূর্তি ভাঙচুর ও অন্তত চারটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

গতকাল শুক্রবার (৩১ জুলাই) আনুমানিক বিকেল সাড়ে চারটার দিকে কক্সবাজার উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছেনছড়ি এলাকায় “ছেনছড়ি বৌদ্ধ বিহারে” ও বিহারের আশেপাশের বাড়িঘরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী ও স্থানীয় সরদার মং চৌধুরীর অভিযোগ, ২০০৭ সাল থেকে চলমান জমি-সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় নুরুল হকের নেতৃত্বে প্রায় ২০০ জনের একটি দল বন বিভাগের উপস্থিতিতে সংঘবদ্ধ হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা ছেনছড়ি বৌদ্ধ বিহারে ঢুকে অন্তত তিনটি বুদ্ধমূর্তি ভাঙচুর করে। একই সঙ্গে বিহারের আশেপাশে অবস্থানরত চারটি তঞ্চঙ্গা পরিবারের বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

মং চৌধুরী বলেন, আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আবারও হামলার আশঙ্কা রয়েছে।

বৌদ্ধ বিহারে এমন ন্যক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চাকমা-তঞ্চঙ্গা স্টুডেন্ট কাউন্সিল এবং কক্সবাজার জেলা বৌদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ। তাঁরা ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Back to top button