বান্দরবান সদর হাসপাতালে হামের ভয়াবহ পরিস্থিতি, কার্যকর উদ্যোগের দাবি

আইপিনিউজ বিডি, ২৯ জুলাই, ২০২৬, বান্দরবানঃ বান্দরবান সদর হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় হাসপাতালের শিশু ওয়ার্ডে তীব্র চাপ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে রোগীর স্বজনদের অভিযোগ, সংকট মোকাবিলায় প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ এখনো চোখে পড়ছে না।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে জেলার বিভিন্ন উপজেলা থেকে হামে আক্রান্ত শিশুদের সদর হাসপাতালে আনা হচ্ছে। শয্যাসংকট, অতিরিক্ত রোগীর চাপ এবং প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও জনবলের সীমাবদ্ধতার কারণে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রোগীর স্বজনরা অভিযোগ করেন, দ্রুত গণটিকাদান, সচেতনতামূলক প্রচার এবং দুর্গম এলাকায় জরুরি চিকিৎসা কার্যক্রম জোরদার করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
এদিকে স্থানীয়দের দাবি, বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে জরুরি মেডিকেল টিম পাঠানো, পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং বিশেষ টিকাদান কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। তারা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


