বিশেষ প্রতিবেদন

বাঘাইছড়িতে বিজিবি সদস্য কর্তৃক বৌদ্ধ ধর্মীয়গুরু হেনস্তার শিকার

আইপিনিউজ বিডি,২৮ জুলাই, ২০২৬,রাঙ্গামাটিঃ আজ (২৮ জুলাই) রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে কোজোইছড়ি বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যদের কর্তৃক সত্যমতি ভান্তে নামে এক বৌদ্ধ ধর্মীয়গুরু হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

‎হেনস্তার শিকার সত্যমতি ভিক্ষু বাঘাইছড়ির অজলচুগ বৌদ্ধ বিহারের বিহারঅধ্যক্ষ বলে জানা গেছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৭.০০ টার দিকে মাঝিপাড়া সীমান্ত সড়কের ৮ কিলো জায়গার স্থানীয় অধিবাসী বিনয় চাকমার নিমন্ত্রণে সত্যমতি ভান্তে তাঁর ৫ জন ভিক্ষুসংঘ সহ পিন্ডাচরণে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়নের কোজোইছড়ি বিজিবি ক্যাম্পের সামনে পৌঁছালে সেখানে চেকপোস্টে ডিউটিরত জনৈক এক বিজিবি ও আনসার সদস্য ভান্তেদের গাড়ি আটকে দেয় এবং ভান্তেদের হয়রানিমূলক নানাবিধ প্রশ্ন জিজ্ঞেস করে। ভান্তে সবকিছুর ঠিক ঠিক উত্তর দিলেও তারা কিছুতেই তাঁদের সেখান থেকে গন্তব্যস্থলে যাওয়ার অনুমতি দেননি।

‎এভাবে প্রায় দেড়-দুই ঘন্টা তাঁদের গাড়ি থেকে নামিয়ে পথে দাঁড় করিয়ে রাখার এক পর্যায়ে সত্যমতি ভান্তে বলেন, তিনি তাদের উপরিস্থ কর্তৃপক্ষের সাথে কথা বলতে চান। এতেও বিজিবি ও আনসার সদস্যরা অপারগতা প্রকাশ করেন। পরে ভান্তের জোরাজুরিতে কোজোইছড়ি বিজিবি ক্যাম্প থেকে একজন বিজিবি কর্মকর্তা (সুবেদার হতে পারেন) ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভান্তে তার কাছে বিস্তারিত খুলে বলেন।

‎এভাবে কিছুক্ষণ পর ভান্তের সাথে কথা বলার পর উক্ত বিজিবি কর্মকর্তা ‎ভান্তেদের যাওয়ার অনুমতি দেন বলে জানা যায়।

বিজিবি সদস্যদের কর্তৃক ভান্তেদের ‎এভাবে হয়রানি করার ঘটনায় স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করেন। বিকেলে বিনয় চাকমার বাড়ি থেকে ফেরার পথে বিজিবির পক্ষ থেকে ভান্তেদের নিকট সকালের ভুলের জন্য ক্ষমা চাওয়া হয় বলে জানা যায়।

Back to top button