শিল্প ও সংস্কৃতি

ঢাকায় হাজংদের “হঙঅরানি” উদযাপন

“বসর গুরে বসর আহে, বসরে বসরে হঙঅরানি আহে”—এই স্লোগানকে সামনে রেখে হাজং স্টুডেন্ট কাউন্সিল (হাসুক) ঢাকা মহানগর শাখা আহ্বায়ক কমিটির উদ্যোগে হাজং নববর্ষ “হঙঅরানি” উদযাপিত হয়েছে।

গতকাল ১৪ এপ্রিল ঢাকার জিয়া উদ্যানে সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক রাজেশ্বর হাজং এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রনি হাজং।

“হঙঅরানি” অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন হাজং স্টুডেন্ট কাউন্সিল (হাসুক) কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি প্রতাপ হাজং, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সংগ্রামী সাবেক সাংগঠনিক সম্পাদক ও হাসুক ঢাকা মহানগর শাখা সাবেক সাংগঠনিক সম্পাদক হরিদাস হাজং, অতিথি অসীম হাজং ও খোকন হাজং, হাসুক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাঈম হাজং, হাসুক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিরা হাজং, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক জানকি চিছিম, গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিমেল কুবি, হাসুক কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সম্পাদক সোনালী হাজং -সহ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নগর জীবনে বসবাসরত হাজংদের ঐতিহ্যবাহী “হঙঅরানি” সংস্কৃতি টিকিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে নিজেদের সংস্কৃতি ও শিকড়ের প্রতি সচেতনতা সৃষ্টি করবে।

বক্তারা ভবিষ্যতে ঢাকায় বসবাসরত হাজংসহ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে “হঙঅরানি” আয়োজনকে আরও ব্যাপক ও প্রাণবন্ত করার জন্য হাসুকের প্রতি আহ্বান জানান।

আলোচনা শেষে খাবার পরিবেশনা করা হয়। হঙঅরানির প্রথাগতভাবে ১০৮ রকমের শাকের মধ্যে ৭০ রকমের শাক ভাজি রান্না ও মোট ১২ রকমের বিভিন্ন রান্নার আইটেম পরিবেশন করা হয়।

পরবর্তীতে বালিশ খেলা, হাড়িভাঙা খেলা, লটারি ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Back to top button