আদিবাসীদের জন্য ৫% কোটা পুনর্বহালসহ ৫ দফা দাবিতে বান্দরবানে পিসিপি’র মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

আইপিনিউজ বিডি, ১৭ সেপ্টেম্বর ২০২৬, বান্দরবানঃ দেশের সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য ৫% কোটা পুনর্বহাল, পার্বত্য চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্গা শিক্ষক প্রথা বন্ধ, শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়ম বন্ধ, পর্যাপ্ত শিক্ষা অবকাঠামো নির্মাণ এবং পর্যাপ্ত ও দক্ষ শিক্ষক নিয়োগের দাবিতে মিছিল ও ছাত্র সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), বান্দরবান সরকারি কলেজ শাখা।
আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সকাল ১০ ঘটিকায় বান্দরবান প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিসিপি বান্দরবান সরকারি কলেজ শাখার সভাপতি রণি ত্রিপুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডমং মারমা।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিটন তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ ম্রো স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য রিংয়ং ম্রো, বান্দরবান সরকারি মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থী মাহিনু আক্তার, পিসিপি বান্দরবান সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক জেকিপ্রু মারমা, পিসিপি সদর থানা শাখার সভাপতি উবাথোয়ই মারমা, পিসিপি বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক এডিসন চাকমা, পিসিপির সহ-সাংগঠনিক সম্পাদক উশৈহ্লা মারমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশের প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার অধিকার নিশ্চিত করতে কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ জরুরি। পার্বত্য চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট, পর্যাপ্ত শিক্ষা অবকাঠামোর অভাব এবং শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। এসব সমস্যা সমাধানে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।
বক্তারা আরও বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য ৫% কোটা পুনর্বহাল, পার্বত্য চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্গা শিক্ষক প্রথা বন্ধ, স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক শিক্ষক নিয়োগ, শিক্ষক সংকট নিরসন এবং পর্যাপ্ত শিক্ষা অবকাঠামো নিশ্চিত করতে হবে। পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের শিক্ষার অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করতে সরকারকে এসব দাবি বাস্তবায়নে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।


