মধুপুরে গারো পরিবারে বশিউকের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতিঃ সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

আইপিনিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মধুপুরে ধরাটি গ্রামে এক গারো পরিবারে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বশিউক ও আনসার বাহিনীর সদস্যরা।এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ভুক্তভোগীরা আইপিনিউজকে জানান, গতকাল সোমবার (৯ মার্চ) দুপুর ১২ টায় হঠাৎ করে রাবার বাগান কর্তৃপক্ষ অস্ত্রসহ আনসার বাহিনী নিয়ে এসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। হামলার ঘটনায় রমেন কুবি ও শীবলি মাংসাং এর বসতভিটার নিরাপত্তা বেষ্টনী, ফলজ বাগান ও নির্মাণাধীন ঘরের অংশবিশেষ শুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ভুক্তভোগী পরিবার অভিযোগ তুলে বলেন : আমরা এখানে পরিবার নিয়ে বিগত ৫ বছর যাবত এই জমিতে বসবাস করে আসছি। এই জমির মূল মালিক রমেন কুবির ভাস্বুর বিতেন। তিনি এই জমিটি তাদের বসবাসের জন্য দিয়েছেন। এই ঘটনার আগেও এই জমিরগাছ এবং সবজি বাগান একাধিকবার কেটে ফেলেছিল। আজ আবার হঠাৎ রাবার বাগানের কর্তৃপক্ষরা ও অস্ত্রধারী আনসার সদস্য নিয়ে আমাদের বসতবাড়ির ওপর অভিযান চালায় । তারা সবকিছু নষ্ট করে দিয়ে গেল। তারা আমাদের পূর্বে কোন নোটিশ ছাড়াই আজ অতর্কিত উচ্ছেদ অভিযান চালায় আমাদের কোন প্রকার সুযোগ না দিয়েই সব নষ্ট করে গেল আমরা এর যথাযথ ক্ষতিপূরণ সহ বিচার চাই।
অভিযানে অংশগ্রহণকারী বন কর্মকর্তারা জানান, রমেন কুবি দীর্ঘদিন ধরে ওই জমি ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি তিনি সেখানে ঘর নির্মাণের চেষ্টা করলে বাগান কর্তৃপক্ষ বাধা দেয়। কিন্তু বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ায় এবং কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহার করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত মধুপুর উপজেলার ইউএনও মোঃ যুবায়ের হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ পরিবারের ভেঙ্গে যাওয়া খুঁটি এবং টিনসহ নগদ ৬ হাজার টাকা রবিবার তাঁর অফিস থেকে সংগ্রহ করতে বলেছেন।
ঘটনার পর আইপিনিউজের পক্ষ থেকে রমেন কুবির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অল্প কিছু টাকা, খুঁটি আর টিন দিবে বলে ইউএনও আশ্বাস দিয়ে গেছেন। রবিবার উনার অফিসে গিয়ে সেগুলো নিয়ে আসতে হবে। জমির সীমানা তিনি নির্ধারণ করে দেবেন বলেছেন। আমি এই সমস্যার স্থায়ী সমাধান চাই।


