শেরপুরে গারো শিশুকে ধর্ষণে অভিযুক্ত ফাহিম এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাগাছাসের

আইপিনিউজ ডেক্স(ঢাকা): আজ (৩০ মে) বৃহস্পতিবার বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর কেন্দ্রীয় সভাপতি জন জেত্রা ও সাধারণ সম্পাদক অলিক মৃ এক যৌথ বিবৃতিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গ্রামে আদিবাসী শিশু ধর্ষণে অভিযুক্ত ও গ্রেফতার হওয়া ফাহিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ দাবী জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ মে ২০২৪ খ্রিস্টাব্দ দুপুরে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার একটি সীমান্তবর্তী গ্রামের দ্বিতীয় শ্রেণী পড়ুয়া আদিবাসী এক শিশু বাড়ির পাশে লাকড়ি সংগ্রহের সময় ফাহিম নামে এক যুবক পাশের জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করে। ইতিমধ্যে ধর্ষক ফাহিমকে পুলিশ আটক করেছে। আটককৃত ধর্ষক একই ইউনিয়নের হালচাটি গ্রামের এরশাদ আলীর ছেলে।
ভিকটিমের পরিবার ও থানার সুত্রে জানা গেছে, ঝিনাইগাতী থানায় ধর্ষণ মামলায় একটি এজাহার দায়ের করা হয়েছে। ভিকটিমের পরিবার বলছে ধর্ষক ফাহিমের পরিবার মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি প্রদান করছে।
সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক বুশ নকরেক স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষকরা একের পর এক পার পেয়ে যাচ্ছে, সে কারনে দেশে নারীর উপর যৌন হয়রানি এবং ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। সেই সাথে অবিলম্বে শেরপুরের ঝিনাইগাতীতে গারো আদিবাসী শিশু ধর্ষণের ধর্ষক ফাহিমের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের যথাযথ তৎপরতার দাবী জানাচ্ছি।”


