অন্যান্য

রাজধানীসহ বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত

ঢাকা, টাঙ্গাইল, দিনাজপুর, সিলেট, নীলফামারীসহ বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকাল ৮ টার দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ২ এবং এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের ধেকিয়াজুলি থেকে প্রায় ১১ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে। আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার গভীরে ছিল বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। ভূমিকম্পের কারণে আসামের গোয়াহাটিতে কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পের সময় প্রচন্ড দুলুনি অনুভূত হয়েছে। উল্লেখ্য, রিখটার স্কেলে ৫ থেকে ৫ দশমিক ৯ পর্যন্ত মাত্রাকে মাঝারি ধরনের এবং ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হলে তাকে মৃদু ধরনের ভূমিকম্প বলা হয়। আর ৬ থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প হিসাবে ধরা হয়ে থাকে।

বাংলাদেশ ও ভারত ছাড়াও মিয়ানমার, ভুটান ও চীনের বিভিন্ন স্থানেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Back to top button