রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে দ্বিতীয় দফায় ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলে জনজীবন বিপর্যস্ত

আইপিনিউজ বিডি, ১১ জুলাই, ২০২৬, রাঙ্গামাটিঃ রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে দ্বিতীয় দফার ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে গ্রামগুলোর দোকানপাট, ঘরবাড়ি, চাষাবাদ করা আবাদি জমি তলিয়ে গেছে। চাইন্দা পাড়া, আলিখিং পাড়া, উলুছড়ি, তক্তানালা উত্তর, তক্তানালা দক্ষিন, তক্তানালা উত্তর, ওরাছড়ি পুর্ব, ওরাছড়ি পশ্চিম, লত্যাছড়ি, এগুজ্যাছড়ি, এগুজ্যাছড়ি বাঙ্গালাী পাড়া, গোয়াইনছড়ি, ফারুয়া বাজার, তারাছড়ি, যমুনাছড়িসহ অনেক গ্রাম বন্যায় কবলিত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন ছড়া ও খালের পানি দ্রুত বৃদ্ধি পায়। এতে বসতঘর, দোকানপাট, কৃষিজমি ও সড়ক তলিয়ে যায়। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে উঁচু স্থানে চলে যেতে বাধ্য হয়েছে।
ফারুয়া অঞ্চলের মানুষের একমাত্র অর্থনৈতিক আয়ের উৎস কৃষি। চাষাবাদ করা জমি তলিয়ে যাওয়ার কারণে অনেক পরিবার ক্ষতিগ্রস্তে সম্মুখীন হয়েছে। সেই সাথে ফারুয়া বাজারসহ অনেক গ্রামের দোকানপাট পানির নিচে, রাস্তাঘাটে ভূমিধস হওয়ার কারণে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন রয়েছে।
বন্যার কারণে ফারুয়া বাজারে ব্যবসা-বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়েছে। পানিতে তলিয়ে যাওয়ায় বাজারের অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনেও দেখা দিয়েছে সংকট। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকের ঘরের আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও গবাদিপশুর ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকদের আমন ধানের বীজতলা ও সবজি ক্ষেত পানিতে ডুবে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
আবহাওয়া অনুকূলে না এলে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।


