আঞ্চলিক সংবাদ

মধুপুরে এক গারো আদিবাসীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

আইপিনিউজ বিডি, ডেস্ক রিপোর্টঃ শনিবার(১১ জুলাই ২০২৬ ইং) টাঙ্গাইলের মধুপুর উপজেলার জয়নাগাছা গ্রামের বাসিন্দা গারো আদিবাসী দোলন ম্রংয়ের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধুপুর উপজেলার হরিণধরা গ্রামের কতিপয় বনদস্যু প্রতিনিয়ত গভীর রাতে দোখলা বনের গজারী গাছ কেটে জয়নাগাছা গ্রামের দোলন ম্রংয়ের বাড়ির উঠানের রাস্তা ব্যবহার করে চোরাই কাঠ পাচার করে আসছিল। বারবার ওই রাস্তা ব্যবহারের ফলে বাড়িতে যাতায়াতে সমস্যা এবং ভবিষ্যতে বন বিভাগের আইনি জটিলতার আশঙ্কায় দোলন ম্রং তাদের নিষেধ করেন। তবে অভিযুক্তরা প্রভাব খাটিয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখে।

গত ৯ জুলাই ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উঠানের রাস্তা দিয়ে গাছ নিয়ে যাওয়ায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দোলন ম্রংয়ের সঙ্গে বাগবিতণ্ডা হয়। ঘটনাটি সেই রাতেই ১১নং শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের দুইজন মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় মীমাংসা করা হয়।

তবে এর জেরেই পরদিন ১০ জুলাই ভোর ৬টার দিকে সাইফুল, বিল্লাল, হোসেন, ইনতাসহ প্রায় ২০-২৫ জন দোলন ম্রংয়ের বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে প্রতিবেশীদের চিৎকার-চেঁচামেচিতে হামলাকারীরা তাকে গুরুতর জখম অবস্থায় ফেলে পালিয়ে যায়।

আহত দোলন ম্রংকে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Back to top button