আন্তর্জাতিক

বিশ্বের আদিবাসীদের মিলনমেলা নিউ ইয়র্কে

সোহেল হাজং, নিউ ইয়র্ক থেকে: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী প্রতিনিধিরা জমায়েত হয়েছে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ২২তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে। জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরাম (ইউ.এন.পি.এফ.আই.আই) এর ২২তম অধিবেশনটি জাতিসংঘের সদর দপ্তরে শুরু হচ্ছে ১৭ এপ্রিল থেকে এবং শেষ হবে ২৮ এপ্রিল।

এ উপলক্ষে ১৫-১৬ এপ্রিলে জাতিসংঘ প্লাজায় বসেছিল বিশ্ব আদিবাসীদের ককাস মিটিং। সেখানে অংশ নিয়েছিল বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আগত আদিবাসী ডেলিগেটরা যারা জাতিসংঘের এ অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন।

ককাস মিটিংয়ে অনুষ্ঠিতব্য আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ২২তম অধিবেশন সম্পর্কে আলোচনা ছাড়াও বিশ্বের আদিবাসীদের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকে মতামত প্রদান করেন।

উক্ত অধিবেশনে জাতিসংঘের সদস্য রাষ্ট্র, জাতিসংঘ ও অন্যান্য আন্তঃসরকারি প্রতিষ্ঠান, আদিবাসী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও একাডেমিক-সহ ইকোসক মর্যাদা সম্পন্ন সংস্থাগুলোর প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থাকবেন। দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, নেপাল, ও ভারতের আদিবাসী প্রতিনিধিরাও এই ফোরামে অংশ নিতে যাচ্ছেন।

২২তম অধিবেশনের যে থীম বা প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে তা বাংলা করলে কাছাকাছি দাঁড়ায় – “আদিবাসী, মানব স্বাস্থ্য, প্ল্যানেটরি ও টেরিটরিয়াল স্বাস্থ্য এবং জলবায়ু: একটি অধিকার ভিত্তিক পদ্ধতি।” এ প্রতিপাদ্য বিষয়ে বিশেষ সেশন ছাড়াও আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক, সিডও জেনারেল রিকোমেন্ডেশন নং ৩৯, জাতিসংঘের বিভিন্ন এজেন্সিতে আদিবাসী প্লাটফর্ম, আদিবাসী বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টেয়ার ও এক্সপার্ট ম্যাকানিজমের সাথে সংলাপ, জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ৬টি বাধ্যতামূলক বিষয় (সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য ও মানবাধিকার) নিয়ে আলোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্য রাষ্ট্র ও আদিবাসীদের মধ্যে সংলাপ ইত্যাদি বিষয়ে সেশন রাখা হয়েছে। নির্দিষ্ট কিছু ক্লোজড মিটিং ছাড়া সকল সেশনে আদিবাসী ডেলিগেটরা তাদের মতামত জানাতে পারবেন। এছাড়াও আদিবাসী সংগঠনগুলো তাদের নির্দিষ্ট বিষয়ে মূল অধিবেশনের ফাঁকা সময়ে সাইড ইভেন্ট আয়োজন করবে।

প্রথম দিনের অধিবশেন কেমন ছিল! (চোখ রাখুন পরের সংবাদে) ।

Back to top button