সাংবিধানিক স্বীকৃতির দাবীতে নিউইয়র্কে জুম্ম প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ

গত ৯ আগস্ট ২০২৩ ইং, বুধবার জাতিসংঘের সদর দপ্তরের সম্মুখে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করেছে প্রবাসী জুম্ম আদিবাসীরা। স্থানীয় সময় সকাল ১০.৩০ Dag Hammarskjöld Plaza প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবী, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নসহ প্রভৃতি দাবী জানিয়ে প্ল্যাকার্ড উঁচিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী আদিবাসী জুম্মদের সংগঠন আমেরিকান জুম্ম কাউন্সিলের সদস্যগণ এবং নিউইয়র্ক শহরে বসবাসরত অন্যান্য জুম্ম আদিবাসীরা এ সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ক্যাচিং মারমা তরুণ। এসময় তিনি বলেন, পাহাড়ে আদিবাসীদের রাজৈনতিক ও নাগরিক অধিকার নেই। সেখানে আজও নানাভাবে দমন-পীড়ন চালানো হয়। সামাজিক অথনৈতিক এবং সাংস্কৃতিক, শিক্ষার সুযোগ সীমিত। পাহাড়ী আদিবাসীদের জীবনের কোন নিরাপত্তা নেই। প্রতিনিয়ত গুম, হত্যা, জুলুম নির্যাতনের শিকার হচ্ছে পাহাড়ি আদিবাসীরা। পাহাড় এবং সমতলের আদিবাসীদের ভুমি নানাভাবে বেদখল করা হচ্ছে। এসব বন্ধ করতে হবে।
মানবাধিকার কর্মী চঞ্চনা চাকমা বলেন, ১৯৯৭ সালের ২ডিসেম্বর পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২৫ বছরেও তা বাস্তবায়ন করা হয় নি। সরকার আমাদের সাথে প্রতারণা করেছে। প্রতিনিয়ত পাহাড় এবং সমতলে আআদিবাসীদের উপর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে । উন্নয়নের নামে ভুমি বেদখল, আদিবাসীদের এলাকায় আদিবাসীদের অনুমতি ছাড়া নানান প্রকল্প বাস্তবায়ন এবং পর্যটন সম্প্রসারণের কারণে আজ আদিবাসীদের জীবন বিপন্ন হচ্ছে । তিনি আরো বলেন, আদিবাসী তরুণদের প্রগতিশীল হয়ে আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, চিপামং চৌধুরী (রেভত ভান্তে )! তিনি বলেন, স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্র আদিবাসীরা স্বাধীন ভাবে বসবাস করছে পারছে না। প্রতি মুহূর্ত আতঙ্কের মধ্যে দিনাতিপাত করতে বাধ্য হচ্ছে। রাতের আধারে ঘর তল্লাশি সহ ধর্মীয় গুরু এবং ভিক্ষুদের উপর হামলা ও নির্যাতনের মত ঘটনা ঘটছে। এসব মানবাধিকার লঙ্ঘনের কোন সুষ্ঠু বিচার হচ্ছে না। সরকারের উদ্দেশ্য তিনি প্রশ্ন রাখেন, “কার কাছে গেলে নিরাপত্তা পাবো?” আদিবাসী বৌদ্ধ ধর্মীয় গুরুদের যথাযথ সম্মান প্রদর্শন করার জন্য তিনি বাংলাদেশ সরকার ও অন্যান্য ধর্মাবলম্বী সাধারণ মানুষের প্রতি আহবান জানান। এছাড়াও পার্বত্য চুক্তি বাস্তবায়ন এবং পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসিত সেটেলার বাঙালিদের সম্মানজনকভাবে দেশের অন্যত্র পুনর্বাসন করার দাবি জানান ।
মং এ প্রু মারমার সঞ্চালনায় এবং আমেরিকান জুম্ম কাউন্সিল এর সভাপতি সুপ্তা চাকমা তাতু সভাপতিত্বে অনুষ্ঠিত এসমাবেশে অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন রাপ্রু সাই মারমা, বাচিংয়ে মারমা, বর্তিকা চাকমা প্রমুখ। সমাবেশ শেষে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানের দাবি জানিয়ে নিউইয়র্কস্থ বাংলাদেশ স্থায়ী মিশনে একটি স্মারকলিপি পেশ করা হয়।


