রোয়াংছড়িতে এক মারমা আদিবাসী নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

আইপিনিউজ ডেক্স(ঢাকা): গত বৃহস্পতিবার (৩মার্চ) রাতে বান্দরবানের রোয়াংছড়িতে একটি জুমঘর থেকে এক আদিবাসী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের মহিলা কারবারি পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। সেই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা দাবি করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে যে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কারবারি পাড়া সংলগ্ন পাহাড়ে জুমের কাজ করার জন্য বাড়ি থেকে বের হন ওই নারী। সন্ধ্যায় বাসায় না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। পরে রাতে পাহাড়ের জুমঘরে গলা কাটা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
বাগানে গাছ কাটতে যাওয়া কিছু বাঙালি শ্রমিকরা একা পেয়ে ওই নারীকে ধর্ষণ করে হত্যা করেছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন।
নোয়াপতং ইউনিয়নের চেয়ারম্যান চনুমং মারমার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রতিদিনের মতো ওই নারী সকালে জুমের উদ্দেশ্যে বের হন। কিন্তু সন্ধ্যায় বাড়িতে না ফেরায় তার সন্তানেরা খোঁজাখুঁজি শুরু করেন। রাতে জুমঘরের পাশে গলা কাটা লাশ খুঁজে পায়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।


