ডেঙ্গু আক্রান্ত রোগীদের সরকারীভাবে বিনামূল্যে চিকিৎসা প্রদান করতে হবে: সম্মিলিত সামাজিক আন্দোলন

গত ২১ জুলাই শুক্রবার বিকাল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যেগে মহামারী ডেঙ্গুর হাত থেকে দেশবাসীকে বাঁচানোর দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট এসএমএ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক জোবাইদা নাসরিন কনা, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সামসুল আলম জুলফিকার, সাম্পাদক মন্ডলীর সদস্য জুবায়ের আলম, কেন্দ্রীয় নেতা আব্দুল ওয়াহেদ, কামরানুর রশিদ তুহিন, নারী নেত্রী হেনা চৌধুরী, ছাত্রনেতা গৌতম শীল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ডেঙ্গু পরিস্থিতির জটিলতায় মানুষ আতঙ্কিত। ইতোমধ্যে ডেঙ্গু দেশের প্রায় সব অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের প্রায় সবকটি শহরে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধির খবর ইতোমধ্যে গণমাধ্যমে বের হয়েছে। বর্ষায় মশাবাহিত এই রোগের প্রকোপ বৃদ্ধি পায়। এবারের পরিস্থিতি যে কোন সময়ের চেয়ে বিপদজনক হয়ে উঠেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে বৃদ্ধি, কাজ হারানো মানুষের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়া, বেকারত্ব, সামাজিক অস্থিরতা, অনিশ্চয়তা, অন্যদিকে জাতীয় সংসদ
নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অস্থিরতার মাঝে মহামারী আকারে ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের অসহায়ত্বের শেষ নেই। এমতাবস্থায় ডেঙ্গু সমস্যাকে মহামারী সংকট ঘোষণা দিয়ে ডেঙ্গু মোকাবেলায় যথাযথ সরকারি পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে। ডেঙ্গু মোকাবেলায় সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরকে দ্রুত তৎপর হতে হবে।
মানবন্ধনে সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি এডভোকেট এসএমএ সবুর বলেন, স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকার। আমাদের মহান সংবিধানে জনগণের স্বাস্থ্য সেবার নিশ্চয়তার বিধান সন্নিবেশিত আছে। এখন মহামারী আকারে যেভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে তাতে সরকারের স্বাস্থ্য বিভাগের দৈন্যতা ও সিটি কর্পোরেশনের উদাসীনতায় দেশবাসী হতাশ ও ক্ষুব্ধ। আমরা অনতিবিলম্বে ডেঙ্গুকে মহামারী ঘোষণার দাবি জানাই। একইসাথে ডেঙ্গু প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা ব্যয় সরকারীভাবে বহন করার দাবি জানাই।
সালেহ আহমেদ বলেন, দেশে সরকার আসে সরকার যায় কিন্তু জনবান্ধব সরকার পাওয়া যায় না। ডেঙ্গুর প্রভাবে যে হারে মানুষ আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে তার প্রতিকারে কোন যথার্থ উদ্যোগ চোখে পড়েনা। আমরা দেশে জনবান্ধব সরকার চাই।
মানবন্ধন থেকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সম্মিলিত সামাজিক আন্দোলন সরকারের নিকট বেশ কিছু দাবি তুলে ধরে। এরমধ্যে উল্ল্যেখযোগ্য হচ্ছে- জনগণকে সম্পৃক্ত করে মশা নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করতে হবে এবং বাস্তবায়ন করতে হব, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর কমিটি গঠন এবং সকল পর্যায়ের জনপ্রতিনিধি ও জনগণের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থাপনা করতে হবে, বিনামূল্যে ওয়ার্ড পর্যায়ে ডেঙ্গু পরীক্ষা এবং চিকিৎসা প্রদানের ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে ওয়ার্ড পর্যায়ে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে ইত্যাদি।
#আইপিএসসি


