অন্যান্যতথ্য প্রযুক্তি

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাককানইবি, রানার্স আপ জিএসএফ

গারো স্টুডেন্ট ফেডারেশন জিএসএফ এর আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় টিম। রানার্স আপ হয়েছে জিএসএফ। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে শ্রেয়া চিসিম।

ফাইনালে বিতর্কের বিষয় ছিল, ‘সাংবিধানিক স্বীকৃতি ছাড়া আদিবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব নয়’।

গতকাল ৭ আগস্ট শুক্রবার ঢাকা ফার্মগেট মনিপুরিপাড়াস্থ মেট্রোপলিটান খ্রিস্টিয়ান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১ আগস্ট রাজধানীর গুলশান ২ এ প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এই বিতর্ক প্রতিযোগীতার রাউন্ড পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীতায় অংশগ্রহন করেছে মোট আটটি দল। ইন্ডিজেনাস স্টুডেন্ট এসোসিয়েশন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পার্বত্য চটগ্রাম পাহাড়ি পরিষদ- পিসিপি, আদিবাসী ছাত্র সংগঠন- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ আদিবাসী ছাত্র সংগঠন, সরকারি তীতুমীর কলেজ আদিবাসী ছাত্র সংগঠন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইন্ডিজেনাস স্টুডেন্টস এবং গার স্টুডেন্ট ফেডারশন (জিএসএফ) টিম এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত। তিনি বলেন, ‘আজকের বিতর্ক শুধু যুক্তির লড়াই নয়; এটি ন্যায়, সমতা, সম্মান ও মানবাধিকারের সম্মিলিত বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক আদিবাসী দিবসকে সামনে রেখে আমরা যখন আদিবাসীদের অধিকার, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণের কথা বলি, তখন এগুলো রক্ষা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এই বৈচিত্র্য ও ঐতিহ্য সংরক্ষণ করতে না পারলে রাষ্ট্র, সমাজ ও ব্যক্তি—কেউই টেকসইভাবে এগিয়ে যেতে পারবে না।’

বিশেষ অতিথি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক শহিদুল ইসলাম খান বলেন, ‘বিতর্কের মতো বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতা যত বেশি হবে, ততই মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। নিজেদের অধিকার সম্পর্কে মানুষ আরও সোচ্চার হবে। এমন চর্চাই একটি সুন্দর, সৌহার্দ্যপূর্ণ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রলয় নকরেক। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) সেবাষ্টিন রেমা, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উন্নয়ন-২ শাখার (সংযুক্ত) উপসচিব হেমন্ত হেনরী কুবি, বাংলাদেশ স্টেশনারি অফিসের (বিএসও) উপপরিচালক (যুগ্ম সচিব) ব্রেনজন চাম্বুগং এবং ঢাকা ওয়ানগালার সাবেক নকমা শুভজিৎ ঘাগ্রা।

এ প্রতিযোগিতা আয়োজনের মূল সুর ছিল, আদিবাসী অধিকার আদায়ে তরুণদের ভূমিকা। পুরস্কার হিসেবে বিজয়ী দলকে ২০ হাজার টাকা ও ক্রেস্ট এবং রানার্সআপ দলকে ১০ হাজার টাকা ও ক্রেস্ট দেওয়া হয়েছে। আর ফাইনালের সেরা বিতার্কিক পেয়েছেন তিন হাজার টাকা ও ক্রেস্ট।

গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ) এর সাথে বিতর্ক প্রতিযোগীতার পার্টনার হিসেবে ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।

Back to top button