ঢাকায় মিরপুরে দুই দিনব্যাপী আদিবাসী খাদ্য ও শস্য মেলা অনুষ্ঠিত

আইপিনিউজ বিডি, ৭ নভেম্বর ২০২৬, ঢাকাঃ রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা’। ‘নাগরিক উদ্যোগ’-এর আয়োজনে শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর মিরপুর-১৩ নম্বরে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাঙামাটির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, “বাংলাদেশ যে বহু জাতিগোষ্ঠীর দেশ, এই মেলার মাধ্যমে সেই চিত্রই ফুটে উঠেছে। বর্তমান সরকার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। পাহাড়ে উৎপাদিত পণ্য কীভাবে দেশের সর্বত্র সহজে পৌঁছানো যায়, সে বিষয়ে সরকারি পর্যায়ে উদ্যোগ চলমান রয়েছে।”
তিনি আরও বলেন, আদিবাসীদের স্বতন্ত্র পরিচয় ও রীতিনীতি তুলে ধরার পাশাপাশি নিরাপদ খাদ্য সংরক্ষণেও এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে মানবাধিকারকর্মী শিরীন পারভীন হক বলেন, “আদিবাসীদের খাদ্যপণ্য এখনো অনেকাংশেই নিরাপদ ও ভেজালমুক্ত। নিরাপদ খাদ্যব্যবস্থা সংরক্ষণের পাশাপাশি আদিবাসীদের জীববৈচিত্র্য ও ভূমির অধিকার রক্ষায় রাষ্ট্রকে কার্যকর ভূমিকা নিতে হবে।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন বলেন, আদিবাসীদের ইতিহাস ও ঐতিহ্যকে মূলধারার মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।
মেলায় পাহাড়ের জনপ্রিয় বাঁশের কোড়ল বা ব্যাম্বু শুট, কলাপাতায় রান্না করা হেবাঙ, বিভিন্ন ধরনের জুমের সবজি এবং পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার ‘পাজন’ স্থান পায়। পাশাপাশি সমতলের মণিপুরি, গারো ও রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খাবারও প্রদর্শন করা হয়। বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাদ্যসামগ্রী ও কৃষিপণ্যের পাশাপাশি এসব খাবার তৈরির নিজস্ব পদ্ধতি ও খাদ্যসংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান দর্শনার্থীরা।


