জাতীয়

মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী ও ‘জুম্ম জাতীয় শোক দিবস’ পালন করবে পিসিজেএসএস ও অঙ্গসংগঠনগুলো

আইপিনিউজ বিডি, ২ নভেম্বর ২০২৬, বিশেষ প্রতিবেদনঃ মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী ও ‘জুম্ম জাতীয় শোক দিবস’ উপলক্ষে আগামী ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম সহ পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলা, উপজেলা সদর ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও তার অঙ্গসংগঠনগুলো।

দিবসটি উপলক্ষে ‘জুম্ম স্বার্থপরিপন্থী ও চুক্তিবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করি’—এই আহ্বানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১০ নভেম্বর সকাল ৭টা ৩০ মিনিটে জমায়েত ও কালোব্যাজ ধারণ, সকাল ৮টায় প্রভাতফেরি, সকাল ৯টায় পুষ্পার্ঘ্য অর্পণ এবং সকাল ১০টায় শোকপ্রস্তাব পাঠ ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল ৫টায় প্রদীপ প্রজ্বলন ও ফানুস উড়ানোর কর্মসূচি রয়েছে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার রাজনৈতিক জীবন, সংগ্রাম, আদর্শ ও অবদানকে স্মরণ করা হবে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদারের আহ্বান জানানো হবে।

উল্লেখ্য, মানবেন্দ্র নারায়ণ লারমা পার্বত্য চট্টগ্রামের জনগণের স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা। ১৯৮৩ সালের ১০ নভেম্বর তিনি বিভেদপন্থীদের সশস্ত্র হামলায় তার আট সহযোদ্ধাসহ নিহত হন। তাঁর মৃত্যুবার্ষিকী পার্বত্য চট্টগ্রামের জনগণের কাছে ‘জুম্ম জাতীয় শোক দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

Back to top button