শিল্প ও সংস্কৃতিসাহিত্য

রঞ্জিত দেওয়ানের নির্বাচিত চাকমা গানের বাংলা অনুবাদ করেছেন তাঁর শিক্ষার্থী ম্যাকলিন চাকমা

আইপিনিউজ বিডি, ২৪ অক্টোবর ২০২৬, রাঙ্গামাটিঃ চাকমা সংগীতের জনপ্রিয় গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী রঞ্জিত দেওয়ানের নির্বাচিত চাকমা গানের বাংলা অনুবাদ করেছেন তাঁর শিক্ষার্থী আদিবাসী তরুণ কবি ম্যাকলিন চাকমা। মোনঘর প্রকাশন থেকে প্রকাশিত দ্বিভাষিক গানের সংকলন ‘আমি এক নুও জিংকানি গরিবোং, আমরা এক নতুন জীবন গড়বো’ বইটিতে স্থান পেয়েছে এসব গানের বাংলা অনুবাদ। এটি অনুবাদকের প্রথম অনুবাদকর্ম।

ম্যাকলিন চাকমা বলেন, রঞ্জিত দেওয়ান কয়েক দশক ধরে তাঁর সৃষ্টিশীল কাজের মাধ্যমে চাকমা সংগীতের ভুবনকে সমৃদ্ধ করে আসছেন। তাঁর গানে উঠে এসেছে চাকমা জাতির জীবনযাপন, প্রকৃতি, প্রেম, স্মৃতি, জুমচাষের ঐতিহ্য, পাহাড়ের সৌন্দর্য এবং মানুষের আবেগ-অনুভূতির নানা দিক। চাকমা ভাষায় গান রচনা, সুর সৃষ্টি ও সংগীত পরিবেশনার পাশাপাশি চাকমা সংগীতের প্রচার ও প্রসারেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর দীর্ঘ সংগীতজীবন ও সৃষ্টিকর্ম তাঁকে চাকমা সংগীতজগতের একজন কিংবদন্তি শিল্পীর মর্যাদায় অধিষ্ঠিত করেছে।

তিনি আরও বলেন, রঞ্জিত দেওয়ানের নির্বাচিত গানের বাংলা অনুবাদের মাধ্যমে চাকমা ভাষায় রচিত গানগুলোর ভাব, অনুভূতি ও সৃষ্টির সৌন্দর্য বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে চাকমা সংগীতের সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে আরও বিস্তৃত পরিসরে জানার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

নিজের প্রথম অনুবাদকর্ম সম্পর্কে অনুবাদক ম্যাকলিন চাকমা জানান, রঞ্জিত দেওয়ান স্যারের সৃষ্ট গানগুলো বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই ছিল তাঁর আন্তরিক প্রচেষ্টা। গানের মূল ভাষা ও ভাবের সৌন্দর্য যথাসম্ভব অক্ষুণ্ণ রেখে পাঠকের কাছে এর অন্তর্নিহিত অনুভূতি তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

এই কাজের দায়িত্ব দেওয়ার জন্য মোনঘর ও মোনঘর প্রকাশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনুবাদক ম্যাকলিন চাকমা। একই সঙ্গে নিজের সরাসরি শিক্ষক রঞ্জিত দেওয়ানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। তাঁর সৃষ্টিকর্মকে অন্য একটি ভাষার পাঠকের কাছে তুলে ধরার সুযোগকে আনন্দ, সম্মান ও অনুপ্রেরণার বিষয় হিসেবে উল্লেখ করেছেন অনুবাদক।

চাকমা ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ, চর্চা এবং বিস্তারে এ ধরনের দ্বিভাষিক প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে চাকমা সংগীতের সৌন্দর্য ও ঐতিহ্য বৃহত্তর পাঠকসমাজের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও বইটি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

রঞ্জিত দেওয়ানের গান ও চাকমা সংগীতের ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে আগ্রহী পাঠকদের জন্য ‘আমি এক নুও জিংকানি গরিবোং, আমরা এক নতুন জীবন গড়বো’ বইটি সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

Back to top button