খাগড়াছড়িতে ইউপিডিএফ (প্রসিত) কর্তৃক ৭ নিরীহ গ্রামবাসীকে অপহরণের অভিযোগ

আইপিনিউজ বিডি, ২২ অক্টোবর ২০২৬, খাগড়াছড়িঃ গতকাল ২১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৬:৩০টার দিকে পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফের (প্রসিত) সশস্ত্র সন্ত্রাসীদের কর্তৃক খাগড়াছড়ি জেলাধীন পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়ন এলাকা থেকে ৭ নিরীহ জুম্ম গ্রামবাসী অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অপহৃত ব্যক্তিরা হলেন- (১) সোনাবি বাপ, গ্রাম-মাচ্ছুছড়া, লোগাং ইউনিয়ন; (২) দিপায়ন চাকমা, গ্রাম-ভারতবর্ষপাড়া, লোগাং ইউনিয়ন; (৩) নবিনে চাকমা, গ্রাম-ভারতবর্ষ পাড়া, লোগাং ইউনিয়ন; (৪) বিজয়গ্রী চাকমা, গ্রাম-মাচ্ছুছড়া, লোগাং ইউনিয়ন; (৫) হেম রঞ্জন চাকমা, গ্রাম-মাচ্ছুছড়া, লোগাং ইউনিয়ন; (৬) পুলক চাকমা(সুগত বাপ), গ্রাম-বাবুড়াপাড়া, চেঙেই ইউনিয়ন এবং (৭) হরেন ত্রিপুরা, গ্রাম-মাচ্ছুছড়া, লোগাং ইউনিয়ন।
অপহৃতরা সবাই পেশায় যাত্রীবাহী মোটরসাইকেলের চালক এবং কোনো রাজনৈতিক দলের সাথে তাদের সম্পৃক্ততা নেই বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল আইচুক ত্রিপুরার নেতৃত্বে ইউপিডিএফের একদল সন্ত্রাসী লোগাঙের রাঙাপানিছড়া, বড়কোণা এলাকা থেকে উক্ত ৭ গ্রামবাসীকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়।


