হাসুকের আয়োজনে জাতীয় হাজং ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর বল মাঠে গত ১৭ ও ১৮ অক্টোবর দুই দিনব্যাপী “মঙ্গল সরকার স্মৃতি জাতীয় হাজং ফুটবল টুর্নামেন্ট ২০২৬” অনুষ্ঠিত।
হাজং স্টুডেন্ট কাউন্সিল (হাসুক)-এর আয়োজনে “এক মাঠে এক প্রাণ, ফুটবলে হাজংদের ঐক্যগান” এবং “খেলাধুলা যুবসমাজের শক্তি, মাদকমুক্ত সমাজের প্রতিশ্রুতি”—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে।
টংক আন্দোলনের (ব্রিটিশ শাসনামলে ও পরবর্তীকালে পাকিস্তান আমলে ১৯৩৭–১৯৫০) অন্যতম শহীদ হাজং নেতা মঙ্গল সরকার-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং টঙ্ক আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদ ও সংগ্রামী মানুষের অবদানকে যথাযথ মর্যাদায় স্মরণ ও সম্মান জানানোই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে আয়োজকরা আইপিনিউজকে জানিয়েছেন।

টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসুকের কেন্দ্রীয় কমিটির সভাপতি তপন হাজং এবং সঞ্চালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মঙ্গল সরকার স্মৃতি জাতীয় হাজং ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক নাঈম হাজং।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি টংক আন্দোলনের অন্যতম হাজং নেতা মঙ্গল সরকারসহ দেশমাতৃকার জন্য আত্মোৎসর্গকারী বীর হাজংদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, খেলাধুলা মাদকের বিরুদ্ধে নীরব ও শান্তিপূর্ণ প্রতিবাদ। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থ সমাজ গঠনে ফুটবলের পাশাপাশি ভলিবল, ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলাধুলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন বাড়ানোর উচিত।
একই সঙ্গে ভবিষ্যতেও হাজংদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
আদিবাসী হাজং জাতিগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে মাননীয় ডেপুটি স্পিকার আরও বলেন, হাজং ভাষা সংরক্ষণে তিনি ব্যক্তিগত উদ্যোগে ‘মুলা হাজং বই’ নামে একটি বই প্রকাশ করেছেন। তিনি হাজং পরিবারের অভিভাবকদের বইটি সংগ্রহ করে তাঁদের শিশু-সন্তানদের পড়ানোর আহ্বান জানান, যাতে কালের বিবর্তনে হাজং ভাষা হারিয়ে না যায়।
তিনি আরও বলেন, প্রমিত বাংলায় কথা বলার পাশাপাশি নিজেদের মাতৃভাষার চর্চা ও সংরক্ষণ অব্যাহত রাখতে হবে। হাজং ভাষা রক্ষায় প্রকাশিত বইটি হাজং সম্প্রদায়ের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ারও চেষ্টা করছেন বলে জানান তিনি।
গত ১৭ অক্টোবর শুরু হওয়া এ টুর্নামেন্টে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ১৪টি হাজং ফুটবল দল অংশগ্রহণ করে।
১৮ অক্টোবর অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় হাজং এফসি টঙ্গী ও ঘিলাগড়া এফসি। নির্ধারিত সময়ের খেলা শেষে গোল শূন্য ড্র থাকায় ট্রাইবেকারের মাধ্যমে হাজং এফসি টঙ্গী চ্যাম্পিয়ন হয়৷
দুই দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে হাজং তরুণদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি খেলাধুলার প্রসার এবং মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা তুলে ধরা হয়। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) ও কাইট গেমস স্টুডিওর সহযোগিতায় টুর্নামেন্টটি আয়োজন করে হাজং স্টুডেন্ট কাউন্সিল (হাসুক)।
ধারাভাষ্যকার হিসেবে টুর্নামেন্টের খেলাগুলোতে ধারাভাষ্য প্রদান করেন লিওয়াটানা’র পরিচালক, গীতিকার ও সুরকার হাজং সরানন রায় ও গীতিকার দোলন হাজং (সিনিয়র)।

অনুষ্ঠানে হাজং স্টুডেন্ট কাউন্সিল (হাসুক)-এর পক্ষ থেকে জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপিকে সম্মাননা স্মারক প্রদান করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি তপন হাজং।
এ ছাড়া হাসুকের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক বর্ষা হাজংয়ের এমবিবিএস ডিগ্রি অর্জন উপলক্ষে তাঁকে হাসুকের পক্ষ থেকে অভিনন্দন স্মারক প্রদান করা হয়। অভিনন্দন স্মারকটি মাননীয় ডেপুটি স্পিকার তাঁর পরিবারের নিকট তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন; সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ; কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা; বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের (বাজাহাস) কেন্দ্রীয় কমিটির সভাপতি পল্টন হাজং; হাসুকের উপদেষ্টা কুমেদ হাজং, দীনদাস হাজং, বিনীতা হাজং ও দেবতোষ হাজং কিরণ; বাজাহাসের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নয়ন হাজং রনি; উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া; খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হক; খারনৈ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার সুবোধ হাজং, বাজাহাসের কলমাকান্দা উপজেলা শাখার সভাপতি মার্কন্দ দয়াল হাজং; হাসুকের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি প্রতাপ হাজং; হাসুকের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সুমন হাজং এবং মঙ্গল সরকার স্মৃতি জাতীয় হাজং ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব হিরা হাজংসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


